ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের আন্তর্জাতিকের দ্বৈরথে আমেদাবাদের পরিসংখ্যানে কে এগিয়ে?
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ আমেদাবাদে শুরু ৬ ফেব্রুয়ারি থেকে। ২০০২ সালের নভেম্বরে শেষবার ভারতে একদিনের সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর থেকে ভারতে সিরিজ জিততে না পারলেও আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড চমকপ্রদই। মোতেরায় এখনও অবধি একদিনের আন্তর্জাতিকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ পরস্পরের মুখোমুখি হয়েছে ৫ বার। তার মধ্যে ৪টিতেই ভারত পরাস্ত হয়েছে ক্যারিবিয়ানদের কাছে।

১৯৮৮ সালে প্রথমবার মোতেরায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনেক ম্যাচে ক্যারিবিয়ানরা জিতেছিল ২ রানে। ১৯৯৩ সালে ভারতকে ৬৯ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২০০২ সালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৫ উইকেটে। ২০০৬ সালে পরবর্তী সাক্ষাতে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয়। ২০১১ সালের ৫ ডিসেম্বর শেষবার দুই দেশ এখানে একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ জেতে ১৬ রানে। তবে সংস্কারের পর মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই প্রথম দুই দেশ একদিনের ম্যাচে মুখোমুখি হবে।

After a long couple days of travel from Barbados, the #MenInMaroon have arrived in India! ✌🏿 #INDvWI 🏏🌴 pic.twitter.com/ogvbrtQqTy
— Windies Cricket (@windiescricket) February 2, 2022
২০০২-০৩ মরশুমে শেষবার ভারত সফরে এসে একদিনের সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, সাত ম্যাচের সিরিজ জিতেছিল ৪-৩ ব্যবধানে। শেষ ১০ বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, ২০১১-১২ মরশুমে ৫ ম্যাচের সিরিজ ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে। ২০১৩-১৪ মরশুমে ভারত সফরে এসে ১-২ ব্যবধানে সিরিজ হারে ক্যারিবিয়ানরা। পরের বছর একই ব্যবধানে ভারত ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে হারায়, সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ। ২০১৮-১৯ মরশুমে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ জিতেছিল ৩-১ ব্যবধানে। ২০১৯-২০ মরশুমের সিরিজটিও ভারতে এসে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলিদের কাছে সেই সিরিজে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ পরাস্ত হয় ২-১ ব্যবধানে।
দুই দলই এখন আমেদাবাদে নিভৃতবাসে রয়েছে। মাঠে নামার জন্য তিনি মুখিয়ে বলে জানিয়েছেন রোহিত শর্মা। ২০০২ সালে ভারত যে একবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে জয় পেয়েছে সেই জয় নিশ্চিত করার নায়ক এবার ভারতীয় দলের হেড কোচ। সেবার ১৫ নভেম্বর সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিকে ক্রিস গেইলের ১২৭ বলের ১৪০ ও রামনরেশ সারওয়ানের অপরাজিত ৯৯ রানের দৌলতে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৩২৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠে এটিই তাদের সর্বাধিক স্কোর। ১৪ বল বাকি থাকতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত সেই ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। রাহুল দ্রাবিড় উইকেটকিপার হিসেবে দলে ছিলেন, চারে নেমে ১২৪ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন। ভিভিএস লক্ষ্মণ করেন ৬৬, ৪১ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন সঞ্জয় বাঙ্গার।












Click it and Unblock the Notifications