ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি ২০ : রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে ব্রাভো ম্যাজিক, ১ রানে হার ভারতের
ফ্লোরিডা, ২৮ আগস্ট : তীরে এসে তরি ডুবল। টি ২০ ম্যাচের পাহাড় সমান ২৪৫ রানের লক্ষ্যমাত্রা প্রায় করেও ফেলেছিল ভারত। কিন্তু শেষরক্ষা হল না ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর শেষ ওভারই পাল্টে দিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি২০ ম্যাচের পরিণতি। রুদ্ধশ্বাস খেলার শেষে মাত্র ১ রান হারতে হল ভারতকে।
এদিন ভারতের হয়ে কে এল রাহুল প্রথম টি২০ সেঞ্চুরি করেন। মাত্র ৫১ বলে ১১০ রান করেন রাহুল। তাঁর রানের খাতায় ১২টি চার এবং পাঁচটি ছয় রয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ওয়েস্ট ইঞ্জিজ। জবাবে নেমে ভারতও কোনও অংশে পিছিয়ে ছিল না। শেষ ওভারে প্রয়োজন থিল মাত্র ৮ রানের। হাতে তখনও ৬ উইকেট বাকি। ভারতীয় সমর্থকদের একটা বড় অংশই ধরে নিয়েছিলেন এই ম্যাচ ভারতেরই ঝুলিতে আসছে।
কিন্তু শেষ ওভারে ব্রাভো ম্যাজিকে সব পাল্টে গেল। শেষ বলে জয়ের জন্য ২ রান বাকি। ব্যাট হাতে প্রস্তুত ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ ফিনিশার হিসাবে ধোনির তো নাম আছেই। কিন্তু এদিনে ব্রাভো ম্যাজিকের সামনে টিকতে পারলেন না ধোনিও। শেষ বলে উইকেট খোয়ালেন নিজের, সঙ্গে ম্যাচও।
এদিনের ওয়েস্ট ইন্ডিজের ২৪৫ রান টি২০-তে ভারতের বিরুদ্ধে করা সবচেয়ে বড় রানের লক্ষ্যমাত্রা ছিল। এর আগে ২০১২ সালের মার্চ মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে চার উইকেট খুইয়ে ২১৯ রান করেছিল।
এদিন কে এল রাহুলের পাশাপাশি রোহিত শর্মাও দুরন্ত ব্যাটিং শুরু করেছিলেন। মাত্র ২৮ বলে ৬২ রান করে রোহিত। এদিন ব্যর্থ হয়েছে টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ৯ বলে ১৬ রান করেই আউট হয়ে যান।












Click it and Unblock the Notifications