প্রয়াত কিংবদন্তি এভার্টন উইকস জায়গা পাচ্ছেন ক্রিকেটের নন্দন কাননে
প্রয়াত কিংবদন্তি এভার্টন উইকস জায়গা পাচ্ছেন ক্রিকেটের নন্দন কাননে
স্বাধীন ভারতের ইডেন গার্ডেন্সে প্রথম আন্তর্জাতিক শতরান এসেছিল ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ড স্যার এভার্টন উইকসের ব্যাট থেকে। তাই ক্রিকেটের নন্দন কাননের আর্কাইভে জায়গা পেতে চলেছেন ওই কিংবদন্তি। এভার্টনকে মনের মণিকোঠায় গচ্ছিত করে রাখতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি।

স্বাধীন কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম শতরান করেছিলেন স্যার এভার্টন উইকস। ভারতের বিরুদ্ধে ওই টেস্টের দুই ইনিংসেই শতরান করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। দুই ইনিংসে যথাক্রমে ১৬২ ও ১০১ রান করেছিলেন প্রয়াত এভারটন। সেই ম্যাচের স্মৃতি ভোলেনি সিটি অফ জয়। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, বিশ্ব ক্রিকেটে বড় নাম ছিলেন স্যার এভার্টন উইকস। তাঁর প্রয়াণে ক্রিকেট বিশ্বে শূণ্যতা সৃষ্টি হয়েছে বলে মনে করেন অভিষেক।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ১০ বছর ক্রিকেট খেলেন স্যার এভার্টন উইকস। ১৯৪৮ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ৪৮টি আন্তর্জাতিক টেস্ট খেলেন উইকস। ৪৪৫৫ রান করেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১৫টি শতরান রয়েছে এভার্টনের। প্রথম শ্রেণির ক্রিকেট ৫৫.৩৪ গড়ে ১২,০১০ রান করেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৬টি শতরান করেন এভার্টন। ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটা করে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তির। বুধবার রাতে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বার্বাডোজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।












Click it and Unblock the Notifications