মঙ্গলবার ইডেনে নাইটদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার

রবিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। মহানগরীতে এই উপলক্ষে আনন্দস্রোত বয়ে যায়। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইটদের অভিনন্দন জানানোর পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপনেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় ইডেন গার্ডেনে গোটা কলকাতা নাইট রাইডার্স দলকে সংবর্ধিত করা হবে। শাহরুখ খান, জুহি চাওলার পাশে দেখা যাবে রাজ্যের মন্ত্রীদেরও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে থাকবেন কি না, তা ঠিক নেই। কারণ তিনি সোমবার থেকে পাঁচদিনের জন্য চলে গিয়েছেন উত্তরবঙ্গ সফরে। তবে রাজ্যপাল এম কে নারায়ণন থাকবেন। নানা মহার্ঘ উপহারের পাশাপাশি দেওয়া হবে শাল, মিষ্টি, বই ইত্যাদি।
অনুষ্ঠান চলবে দুপুর দেড়টা পর্যন্ত। জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ইডেন গার্ডেনের দরজা। কোনও প্রবেশমূল্য থাকছে না। রাজ্য সরকারের তরফে সোমবার সকালেই শাহরুখ খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা এদিন সন্ধেয় বেঙ্গালুরু থেকে কলকাতা এসে পৌঁছচ্ছেন।
সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-র যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেছেন, "কলকাতা নাইট রাইডার্সের সাফল্যে আমরা আনন্দিত, গর্বিত। তাই ওঁদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে।"
নাইটদের সংবর্ধনা উপলক্ষে সকাল থেকে দুপুর দু'টো পর্যন্ত ইডেন গার্ডেনের আশপাশে যানবাহন নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। ইডেনের পাশ দিয়ে বা আকাশবাণী ভবনের সামনে দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না। ফলে হাওড়াগামী গাড়িগুলিকে ঘুরে যেতে হবে। দুপুরের পর ফের রাস্তা খুলে দেওয়া হবে।
এদিকে, এদিন সন্ধেবেলা দমদম বিমানবন্দরে নামার পর সেখানে নাইটদের দেখতে ভিড় উপচে পড়বে আশঙ্কা করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। বিমানবন্দর থেকে জয়ী টিমকে হোটেলে নিয়ে আসতেও বিস্তর আঁটোসাঁটো ব্যবস্থা থাকছে।












Click it and Unblock the Notifications