বিশেষ না ভেবেই সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেকেআর সিইও ভেঙ্কির!
বিশেষ না ভেবেই সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কেকেআর সিইও ভেঙ্কির!
২০১০ সালে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্ত নিতে তাঁকে বিশেষ ভাবতে হয়নি বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও খাড়া করেছেন ভেঙ্কি। জেনে নেওয়া যাক সেই কথা।

বিশেষ ভাবেননি ভেঙ্কি
কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁকে বিশেষ ভাবতে হয়নি বলে জানিয়েছেন দলের চিফ এগজিকিউটিভ অফিসার ভেঙ্কি মাইসোর। জানিয়েছেন, ২০১১ সালের আইপিএল নিলামের আগে তিনি কেকেআরের সঙ্গে যুক্ত হন। তাই মহারাজকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে তাঁর মন কাঁদেনি বলেও জানিয়েছেন ভেঙ্কি। হয়তো দলের সঙ্গে আরও বেশি সময় ধরে যুক্ত থাকলে তাঁর মধ্যে সৌরভকে নিয়ে আবেগ কাজ করত বলেও মনে করেন কেকেআর কর্তা।

২০১১ সালে বাদ পড়েছিলেন সৌরভ
২০১১ সালের আইপিএল নিলামে কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিত্যাগ করেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই মরশুমে তাঁকে কিনেছিল পুনে ওয়ারিয়র্স। অথচ ২০১০ সালের আইপিএলে কেকেআর শিবিরের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (৪৯৩ রান)। টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন বিসিসিআই সভাপতি। তারপরেও সৌরভকে বাদ পড়তে হওয়াকে মেনে নিতে পারেননি ক্রিকেট প্রেমীরা। এখনও মেনে নিতে পারেন না তাঁরা।

কেকেআরের জার্সিতে সৌরভ
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখ খান শিবিরের হয়ে ১০৩১ রান করেছেন বিসিসিআই সভাপতি। কেকেআরের জার্সিতে সৌরভের সর্বোচ্চ স্কোর ৯১।

কেকেআরে সৌরভ-যুগ
২০০৮ ও ২০১০ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর অধিনায়কত্বে প্রথম বছর চোদ্দোর মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছিল শাহরুখ খান শিবির। ষষ্ঠ স্থানে শেষ করেছিল কেকেআর। ২০১০ সালে বিসিসিআই সভাপতির নেতৃত্বে কেকেআর সাতটি ম্যাচ জিতলেও ষষ্ঠ স্থানেই শেষ করেছিল কলকাতা।












Click it and Unblock the Notifications