'ঋষভ পন্থকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটাই ঠিক হবে', বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার
'ঋষভ পন্থকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াটাই ঠিক হবে', বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকার
ঋষভ পন্থ না দীনেশ কার্তিক কাকে খেলানো উচিৎ টি-২০ বিশ্বকাপে তা নিয়ে দল নির্বাচনের পর থেকেই বিভিন্ন প্রকার আলোচনা চলছে। কোনও কোনও বিশেষজ্ঞ যখন ঋষভ পন্থকে এগিয়ে রাখছেন তখন অনেকেই মনে করছেন ঋষভের পরিবর্তে দীনেশ অনেক কার্যকারী হবে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় দলে প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর।

ঋষভ পন্থকে খেলানো হবে কি না তা আগে ঠিক করতে হবে:
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার মনে করেন ঋষভ পন্থ আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের মিডল অর্ডারে খুব একটা ফিট করেন না। ইএসপিএন ক্রিক ইনফো'কে জাফর জানিয়েছেন, ভারতের মিডল অর্ডারে পন্থের পারফরম্যান্স প্রত্যাশা মতো নয় এবং সেই কারণেই তাঁর পরিবর্তে খেলানো উচিৎ দীনেশ কার্তিককে। ওয়াসিম জাফর বলেছেন, "ভারতকে আগে এটা ঠিক করতে হবে ঋষভ পন্থ খেলবে কি খেলবে না। ঋষভ পন্থকে দলে ফিট করানোর জন্য বিভিন্ন রকম ভাবনা চিন্তা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ও ভাল ক্রিকেটার এবং সেটা নিয়ে আমরাও বলেছি। ওডিআই এবং টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতানো, সিরিজ জেতানো একাধিক ইনিংস খেলেছে ও কিন্তু আন্তর্জাতিক টি-২০ বা এমনিই টি-২০ ক্রিকেটে সেটা করতে পারেনি।"

আইপিএল থেকে ভাল করছেন দীনেশ কার্তিক:
প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেছেন, "ভারতকে আগে এটা ঠিক করতে হবে যে টপ সিক্সে শুধু ঋষভ পন্থেই আটকে থাকবে নাকি দীনেশ কার্তিককেও খেলানোর কথা ভাববে, যে আইপিএল থেকে ভাল পারফর্ম করে আসছে। আমি ব্যক্তিগত ভাবে মনে করি ঋষভ পন্থ চারে বা পাঁচে ফিট করে না। ওর ব্যাটিং-এর আদর্শ পজিশন ওপেন করা, যেটা আমার মনে হয় না হবে। ঋষভ পন্থকে বিশ্বকাপে বাদ দেওয়াটাই হবে সেরা উপায় আমার মতে।"

দীনেশ কার্তিক অক্ষর প্যাটেলকে দেখতে চাই:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ খেলবে ভারত যার প্রথম ম্যাচটি খেলা হবে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)। মোহালিতে এই ম্যাচে প্রথম একাদশে দীনেশ কার্তিক এবং অক্ষর প্যাটেলকে তিনি এক সঙ্গে দেখতে চান। তিনি বলেন, "আমার মনে হয় অক্ষর প্যাটেল খুবই ভাল পারফর্ম করেছে।"

টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications