শুধু জাদেজার জন্যই কি ভারতের ওভাল টেস্টের প্রথম একাদশেও ছিলেন না অশ্বিন?
শুধু জাদেজার জন্যই কি ভারতের ওভাল টেস্টের প্রথম একাদশেও ছিলেন না অশ্বিন?
ওভাল টেস্টের পঞ্চম দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। ম্যাচ জিততে শেষ দিনে ২৯১ রান করতে হবে জো রুটদের। ইংল্যান্ডের দশ উইকেট নিতে হবে বিরাট কোহলিদের। ম্যাচের চতুর্থ দিনের শেষের দুই ঘণ্টা হাতে পেয়েও ব্রিটিশ ওপেনারদের আউট করতে পারেনি ভারত। আর এখানেই রবিচন্দ্রণ অশ্বিনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন দেশের বহু ক্রিকেট প্রেমী। অনেকে এখনও বিশ্বাস করেন যে ওভালে রবীন্দ্র জাদেজার পরিবর্তে অ্যাশকে খেলালে হয়তো কাজের কাজ হতো। সত্যিই কি মিলছে এই সমীকরণ।

কেবল জাদেজার জন্যই কি বাদ অশ্বিন
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ওভালেই হওয়া কাউন্টি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজের প্রথম চার ম্যাচে ভারতের প্রথম একাদশে সুযোগ পাননি রবিচন্দ্রণ অশ্বিন। ওভালের মতো স্পিন সহায়ক উইকেটে রবীন্দ্র জাদেজার পরিবর্তে ভারতীয় অফ স্পিনারকে প্রয়োজন ছিল বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একাংশ। তবে সে ধারণা যে খানিকটা হলেও ভুল, তা বুঝে নেওয়া দরকার। কারণ কেবল জাদেজাকে জায়গা করে দেওয়ার জন্য, বরং অধিনায়ক বিরাট কোহলি চার পেসার নিয়ে মাঠে নামার রণনীতি আপন করার জন্যই রবিচন্দ্রণ অশ্বিনকে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।

কেন বাদ অশ্বিন
ইংল্যান্ডের মতো পিচ সর্বদাই হয় পেস সহায়ক। ওভাল বাদ দিয়ে বাকি সব মাঠেই ভরপুর সুইং ও পেস অর্জন করতে সক্ষম হন ফাস্ট বোলাররা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট মোকাবিলাতেও ভারত তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামলে সমস্যা বাড়তো ছাড়া কমতো না বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দলের কোনও পেসারের পারফরম্যান্স খারাপ হলে তার অভাব পূরণ করতে বাকি দুই ফাস্ট বোলারের কালঘাম ছুটতো বলে মনে করা হচ্ছে। তাই সিরিজের অন্যান্য ম্যাচের মতো ওভালেও ভারতের চার পেসার নিয়ে নামার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেদিক থেকে দেখলে প্রথম একাদশ থেকে রবিচন্দ্রণ অশ্বিনের বাদ পড়াটাও খানিকটা হলেও সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

জাদেজাকে নিশানা করে লাভ নেই
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স মন দিয়ে পর্যবেক্ষণ করলে নিরাশ হওয়ার সুযোগ কম পাবেন ক্রিকেট প্রেমীরা। সিরিজে বল হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি মূল্যবান রানও এসেছে জাড্ডুর ব্যাট থেকে। চলতি জাদেজা যতটা সময় ক্রিজে কাটিয়েছেন, ততটা সময় পিচ আঁকড়ে পড়ে থাকতে পারেননি ভারতের অজিঙ্ক রাহানে ও ইংল্যান্ডের ররি বার্নস। দলের প্রয়োজনে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে পড়া জাদেজা কিছুটা হলেও যে রবিচন্দ্রণ অশ্বিনের থেকে এগিয়ে, তাও মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে অশ্বিন প্রথম একাদশে সুযোগ পেলে আরও বেশকিছু উইকেট নিতে পারলেও চতুর্থ পেসারের অভাব তিনি পূরণ করতে পারতেন না বলেই মনে করেন অনেকে।

বিরাটকে দোষ দিয়েই বা কি হবে
লিডসে ব্যর্থতার পর ওভালে যে ভারতের প্রথম একাদশে রবিচন্দ্রণ অশ্বিনের অন্তর্ভূক্তি নিশ্চিত বলে ভেবেছিল ক্রিকেট মহলের একটা অংশ। সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও অ্যাশকে বাইরে রেখে প্রথম একাদশ সাজানো নিয়ে যুক্তি খাড়া করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিরাট যে ভুল নন, তা মেনে নিয়েছেন দেশের ক্রিকেট প্রেমীদের একটা অংশ।












Click it and Unblock the Notifications