Aus vs Pak: সিডনিতে চর্চায় টুপি! ওয়ার্নার ব্যাগি গ্রিন ফেরত পেয়ে স্বস্তিতে, পাকিস্তান কেন শাস্তি এড়াল?
Aus vs Pak: সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। আজ অস্ট্রেলিয়া ও পাকিস্তান শিবিরে চর্চার বিষয় হয়ে দাঁড়াল টুপি! ডেভিড ওয়ার্নার কেরিয়ারের শেষ টেস্টে জাতীয় দলে টুপি হারিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
সেই টুপি ফেরত পেলেন অস্ট্রেলিয়ার ওপেনার। আবার পাকিস্তানের এক ক্রিকেটারের টুপিতে বল আটকালেও শাস্তি এড়াল পাকিস্তান। অস্ট্রেলিয়া দলের খাতায় যোগ হলো না অতিরিক্ত পাঁচ রান।

ঘটনা অস্ট্রেলিয়া ইনিংসের ৬৫তম ওভারে। সাজিদ খানের বলে স্টেপ আউট করে শট মেরেছিলেন স্টিভ স্মিথ। বল গিয়েছিল কভার অঞ্চলে। অনেকটা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে বল আটকানোর চেষ্টা করেন সাইম আয়ুব। এই সময় তিনি বড় ধরনের চোটের হাত থেকেও রক্ষা পেয়েছেন। কেন না, মাঠের মাটির কিছুটা অংশ উঠে আসে।
আয়ুবের পা আটকে গেলে বড় ধরনের চোটের সম্মুখীন হতে হতো। তবে এই ফিল্ডিংয়ের সময়ই ঘটে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। আয়ুব যখন বল আটকাতে ঝাঁপ দিয়েছিলেন তখন তাঁর টুপিটি খুলে বলের উপর পড়ে। ফলে বল আটকে যায় টুপিতে। টুপি সরিয়ে বল হাতে নিয়ে তা সতীর্থদের দিকে ছোড়েন আয়ুব।
For those asking: It's not a five-run penalty for hitting the cap as the contact between ball and hat was accidental, and nor was the cap deliberately left on the field, as helmets tend to be #AUSvPAK https://t.co/BFcgfoKnnT
— cricket.com.au (@cricketcomau) January 5, 2024
ক্রিকেটের নিয়ম অনুযায়ী হেলমেট, টুপি বা ক্রিকেটারদের কোনও ব্যবহৃত সরঞ্জামে বল আটকালে সেই সময় ব্যাটিং করা দলের স্কোরকার্ডে যুক্ত হয় ৫ রান। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ হিসেবে জানানো হয়, আয়ুব ইচ্ছাকৃতভাবে টুপি দিয়ে বল আটকাননি। টুপিটি আগে রাখাও ছিল না। যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্টাল। সে কারণেই শাস্তি এড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের ক্রিকেটারের টুপির পাশাপাশি চর্চায় ডেভিড ওয়ার্নারের টুপিটিও। অজি ওপেনার দাবি করেছিলেন, সিডনি আসার সময় তাঁর ব্যাগি গ্রিন ক্যাপ খোয়া গিয়েছে। টুপিটি ফেরত দেওয়ার আবেদনও করেছিলেন ওয়ার্নার। সোশ্যাল মিডিয়ায় তিনি এবার জানালেন খোয়া যাওয়া টুপিটি ফের তাঁর কাছে এসে গিয়েছে।
ওয়ার্নার জানিয়েছেন, টুপিটি হাতে পেয়ে তিনি খুশি এবং স্বস্তি পেয়েছেন। যাঁরা টুপিটি খুঁজে বের করেছেন তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সরঞ্জাম বহনকারী সংস্থা কোয়ান্টাস, হোটেল ও টিম ম্যানেজমেন্টের সৌজন্যেই টুপিটি পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ওয়ার্নার। আজীবন তা সযত্নে রাখবেন বলেও জানান তিনি।
এদিকে, পাকিস্তানের প্রথম ইনিংসে ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়া চা বিরতি অবধি ৬ উইকেটে ২৮৯ রান তুলেছে। স্টিভ স্মিথ ৩৮, ট্রাভিস হেড ১০ ও অ্যালেক্স ক্যারি ৩৮ রানে আউট হয়েছেন। মিচেল মার্শ ১০৯ বলে ৫০ রানে ক্রিজে রয়েছেন। এরপর ব্যাট করতে নামবেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ ও জশ হ্যাজলউড। ফলে অজিদের লিড পেতে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications