VVS Laxman: ভিভিএস লক্ষ্মণ কি আইপিএলের দলে যোগ দিচ্ছেন? খোলসা করলেন জয় শাহ
VVS Laxman: ভিভিএস লক্ষ্মণ আইপিএলের কোনও দলের সঙ্গে ফের কি যুক্ত হচ্ছেন? বেশ কিছুদিন ধরেই এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে চলছে চর্চা।
ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান হিসেবে লক্ষ্মণের সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। ফলে তারপর লক্ষ্মণ কী করবেন তা নিয়েই চলছে নানা জল্পনা।

ভিভিএস লক্ষ্মণ আগে সানরাইজার্স হায়দরাবাদ দলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এনসিএ-র দায়িত্ব নেওয়ার ফলে আইপিএল দলের সঙ্গে থাকা সম্ভব হয়নি। রাহুল দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে ইনিংস শেষ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাবও লক্ষ্মণ ফেরান।
আর তাতেই তাঁকে নিয়ে নানা খবর ছড়াতে থাকে। মনে করা হচ্ছিল, আইপিএল দলের দায়িত্ব নিতেই লক্ষ্মণ আর ভারতীয় দলের হেড কোচ হতে চাননি। যদিও ভারতের হেড কোচ থাকাকালীন দ্রাবিড় যে সফরে যাননি, তখন লক্ষ্মণ দল নিয়ে গিয়েছেন বিভিন্ন সফরে।
মূলত টি২০ দল বা ভারতের দ্বিতীয় সারির দলকে নিয়েই লক্ষ্মণ বিভিন্ন দেশে সফর করেছেন। টি২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরেও হেড কোচ হয়ে গিয়েছিলেন লক্ষ্মণ। আইপিএলের একটি দলের হেড কোচ হওয়ার প্রস্তাব ইতিমধ্যেই লক্ষ্মণ পেয়েছেন বলে খবর।
এনসিএ-তে প্রধান পদে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন লক্ষ্মণ। এনসিএ-তে অন্য কোচেরা যাঁরা রয়েছেন তাঁদের অন্যতম হলেন সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে, হৃষিকেশ কানিতকর। এরই মধ্যে জয় শাহ স্পষ্ট করে দিলেন লক্ষ্মণ থাকছেন এনসিএতেই।
বেঙ্গালুরুর কাছেই বিরাট এলাকাজুড়ে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির স্টেট-অব-দ্য-আর্ট ক্যাম্পাস উদ্বোধনের অপেক্ষায়। অত্যাধুনিক ব্যবস্থা থাকছে সেখানে। এমনকী নীরজ চোপড়া-সহ অলিম্পিক স্পোর্টের ক্রীড়াবিদরাও সেখানে অনুশীলন চালাতে পারবেন বলে জানিয়ে রেখেছেন বিসিসিআই সচিব।
২০২২ সালের জানুয়ারিতে এনসিএ-র এই নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। খুব শীঘ্রই তার উদ্বোধন হতে চলেছে। সম্প্রতি জয় শাহ তার ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কর্নাটক সরকার বিসিসিআইকে ওই জমি ৯৯ বছরের লিজে দিয়েছে। তার ১৪ বছর পর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।
এনসিএ-র নতুন ব্যবস্থাপনায় ১০০টি পিচ, ৪৫টি পিচ সম্বলিত ইন্ডোর ফেসিলিটি, তিনটি আন্তর্জাতিক মানের মাঠ, আধুনিক রিহ্যাব সেন্টার, থাকার ব্যবস্থাপনা, অলিম্পিক-সাইজের পুল ইত্যাদি রয়েছে। সামনের বছরের গোড়ায় তা চালু হতে পারে।
রাহুল দ্রাবিড়ের থেকে ব্যাটন নেওয়ার পর এনসিএ প্রধান হিসেবে প্রশংসনীয় কাজ করেছেন লক্ষ্মণ। ইনজুরি ম্যানেজমেন্ট, প্লেয়ারদের রিহ্যাব, সিনিয়র থেকে শুরু করে বয়সভিত্তিক ও মহিলাদের ক্রিকেট দলগুলির কোচিং প্রোগ্রাম ও প্রস্তুতির রোডম্যাপ তৈরির কাজ দক্ষতার সঙ্গে সামলেছেন ভিভিএস। তবে আগামী দিনে ভারতীয় এ দলের সিরিজের ক্ষেত্রে আরও ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকে। বিগত দুই বছর দেশে ও বিদেশে ভারতের এ দলের খেলা খুব কমই হয়েছে।












Click it and Unblock the Notifications