India's Head Coach: বিশ্বকাপের পরই সরতে পারেন দ্রাবিড়, ভারতের নতুন হেড কোচের দৌড়ে এগিয়ে লক্ষ্মণ
India's Head Coach: ভারতের মহিলা ক্রিকেট দলের হেড কোচ হয়েছেন অমল মুজুমদার। চলতি বিশ্বকাপের পর ভারতের পুরুষ দলের হেড কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই।
রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তির মেয়াদ বিশ্বকাপ অবধি। তিনি আর হেড কোচের পদে থাকবেন কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। দ্রাবিড় ফের হেড কোচের জন্য আবেদন জমা না দিলে তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন ভিভিএস লক্ষ্মণ।

বর্তমান কোচের মেয়াদ শেষ হলে পরবর্তী কোচ চূড়ান্ত করার জন্য আবেদন করাই নিয়ম। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, রাহুল দ্রাবিড়কে ফের ভারতের হেড কোচ পদের জন্য আবেদন করতে বলা হবে। তবে সূত্রের খবর, দ্রাবিড় তাতে রাজি নাও হতে পারেন।
ভারতীয় দলের হেড কোচ হলে দেশ-বিদেশে টানা ঘুরতে হয়। সে কারণেই পরিবারকে আরও বেশি সময় দিতে দ্রাবিড় সরে যাবেন বলে মনে করা হচ্ছে। দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ, কিংবা ন্যাশনাল ক্রিকেট আকাদেমির দায়িত্বভার নেওয়ার আগে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের মতো আইপিএল দলের হেড কোচের পদে ছিলেন।

আইপিএল এখন ১০ দলের টুর্নামেন্ট। দ্রাবিড় কোনও আইপিএল দলের হেড কোচের দায়িত্বভার নিতে পারেন বলেও জল্পনা রয়েছে। দ্রাবিড়ের যেমন বিশ্বকাপের পর বিশ্রাম প্রয়োজন, তেমনই বিশ্বকাপ দলে থাকা সূর্যকুমার যাদব বাদে বাকি ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। এই সিরিজে হেড কোচ হতে পারেন লক্ষ্মণ।
বিসিসিআই নতুন হেড কোচ নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিতে বললে লক্ষ্মণ যদি আবেদন করেন, তাহলে তিনিই এগিয়ে থাকবেন বলে বোর্ড সূত্রে খবর। লক্ষ্মণ যেমন এনসিএর দায়িত্বে রয়েছেন, তেমনই বিভিন্ন সিরিজে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বও সামলেছেন। ফলে বাকিদের চেয়ে তিনিই এগিয়ে।
আগামী বছর টি ২০ বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হলেই ভারতের ফোকাস থাকবে টি ২০ বিশ্বকাপেই। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড সফরের পাশাপাশি এশিয়ান গেমসের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে অস্ট্রেলিয়া সিরিজের দল। দক্ষিণ আফ্রিকা সফরের আগে রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের বিশ্রাম দেওয়া হবে। ২৩ নভেম্বর থেকে বিশাখাপত্তনমে শুরু টি ২০ সিরিজ।












Click it and Unblock the Notifications