ICC T20 WC: 'মেন্টর' ধোনিতে কীভাবে বিশ্বকাপে উপকৃত হবে ভারত? ব্যাখ্যা বীরেন্দ্র শেহওয়াগের
টি ২০ বিশ্বকাপে ভারতের ড্রেসিংরুমে মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন মহেন্দ্র সিং ধোনি। টি ২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের এই ফরম্যাট নিয়ে যে বিপুল অভিজ্ঞতা রয়েছে সেটাই কাজে লাগাতে চাইছে বিসিসিআই। সে কারণেই হেড কোচ রবি শাস্ত্রী-সহ বাকি সাপোর্ট স্টাফরা থাকলেও জুড়ে দেওয়া হয়েছে মাহিকে। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ধোনির প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ।

মাহিতে খুশি বীরু
বীরু খুশি ধোনি বিসিসিআইয়ের প্রস্তাব গ্রহণ করে টি ২০ বিশ্বকাপে ভারতের মেন্টর হতে রাজি হওয়ায়। এর আগে যতগুলি টি ২০ বিশ্বকাপ হয়েছে তার সব কটিতেই ধোনি ছিলেন ভারত অধিনায়ক। এবারও বিশ্বকাপে তাঁর ক্ষুরধার মস্তিষ্ক ও উপস্থিত বুদ্ধিতে ভারত সমৃদ্ধ হবে বলেই মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি বলেছেন, অনেকেই চান ধোনি ফের ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসুন। সেক্ষেত্রে তাঁকে মেন্টর হিসেবে নিয়ে আসা সেরা সিদ্ধান্ত।

উপকৃত হবে ভারত
ধোনিকে মেন্টর হিসেবে পেয়ে ভারতীয় দলের বোলাররা সবচেয়ে বেশি উপকৃত হবে বলে ধারণা বীরুর। তাঁর কথায়, কিপার হিসেবে খেলার পরিস্থিতি বুঝে ফিল্ডিং সাজানোয় অনবদ্য দক্ষতা রয়েছে ধোনির। ধোনির মস্তিষ্কের সহায়তা নিলে তা ভারতের বোলারদের খুব সুবিধা করে দেবে। কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে কী রণকৌশল নেওয়া যায় সে ব্যাপারে ধোনির থেকে পরামর্শ পেতে পারেন। এ ছাড়া সব আন্তর্জাতিক দলের মতো ভারতীয় দলেও কিছু ক্রিকেটার রয়েছেন যাঁরা লাজুক প্রকৃতির। তাঁরা অধিনায়কের কাছে যেতে বা ক্রিকেটীয় আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে দ্বিধাবোধ করেন। ধোনি মেন্টর হওয়ায় এমন ক্রিকেটাররাও উপকৃত হবেন। এমএসের কাছে যে কোনও সময় তাঁরা যেতে পারেন এবং তাঁদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থাও নিতে পারেন ধোনি।

আইপিএল থেকে বিশ্বকাপে
বিশ্বকাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা হয়েছে তাতে আইপিএলের পারফরম্যান্স দেখে কিছু রদবদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বীরেন্দ্র শেহওয়াগ। অক্টোবরের ১০ তারিখের মধ্যে সেই রদবদল করা যাবে আইসিসি-র নিয়ম অনুযায়ী। বীরু বলেন, এমনটা হতেই পারে যাঁরা দলে সুযোগ পাননি তাঁদের কেউও সুযোগ পেতেই পারেন। সাতটি করে ম্যাচ হাতে রয়েছে। তাতে ভালো পারফর্ম করে অনেকেই নির্বাচকদের নজর কেড়ে নিয়ে শেষ মুহূর্তে ঢুকে পড়তেই পারেন বিশ্বকাপের দলে। আইসিসি যখন সুযোগ দিয়ে রেখেছে তাতে ভারতীয় দলেও পরিবর্তন হলে আমি অবাক হব না। বিরাট কোহলির যে ফ্যান বেস রয়েছে তাতে এবারের আইপিএল ট্রফি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিকে জেতাতে ভারত অধিনায়ক নিজেও যে প্রত্যাশাপূরণে বদ্ধপরিকর থাকবেন সে বিষয়ে সংশয় নেই শেহওয়াগের।

শেহওয়াগের পছন্দ
বীরেন্দ্র শেহওয়াগের ধারণা যেহেতু আইপিএলের দ্বিতীয়ার্ধ সংযুক্ত আরব আমিরশাহীতে হবে সেখানকার স্লো পিচ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে সমস্যা তৈরি করতে পারে। ফলে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে শেহওয়াগ বেছে নিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসকেই। দিল্লির চেয়েও এগিয়ে থাকবে মুম্বই। এবারের আইপিএলের প্রথমার্ধে ভারতে চেন্নাই সুপার কিংসের গড় স্কোর ২০১ হলেও দুবাই, আবু ধাবি বা শারজার পিচে ঝোড়ো ব্যাটিং করে বড় রান তোলা সহজ হবে না বলেই মনে করেন বীরু। সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে একটি দলকে বেছে নিতে বললে তিনি যে মুম্বই ইন্ডিয়ান্সকেই বেছে নেবেন সে কথাও জানিয়েছেন নজফগড়ের নবাব। যে চার ব্য়াটসম্যানের দিকে তিনি নজর রাখবেন তাঁরা হলেন ঈশান কিষাণ, দেবদত্ত পাড়িক্কল, লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসন। এই চারজনের মধ্যে পাড়িক্কলের ব্যাটিংই শেহওয়াগের সবচেয়ে পছন্দের। আইপিএলে ভালো খেললে পাড়িক্কল টি ২০ বিশ্বকাপের দলে ঢুকে পড়তে পারেন বলেও মত বীরুর।












Click it and Unblock the Notifications