IPL 2024: গোয়েঙ্কাকে লাভ-ক্ষতির অঙ্ক বোঝালেন বীরু, রাহুলের পাশে দাঁড়িয়ে মালিকদের সীমারেখাও নির্ধারণ করলেন
ম্যাচ হারের পর দলের অধিনায়ককে প্রকাশ্যেই তিরষ্কার করে বিতর্কে জড়িয়েছেন লখনউ টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ভারতীয় দলের একজন তারকা ক্রিকেটারকে তীব্র ভর্ৎসনা করায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতার বিশিষ্ট শিল্পপতি। এবার সঞ্জীব গোয়েঙ্কাকে তীব্র কটাক্ষ করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ।
গত বুধবার হায়দরবাদের বিরুদ্ধে হারের পর খেলা শেষ দেখা যায় যে, স্ট্যান্ড থেকে মাঠে নেমে এসেছেন লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর ভরা স্টেডিয়ামে প্রকাশ্যেই তিনি তীব্র ভর্ৎসনা করেন রাহুলকে! তখন চুপ করে সব শুনেছিলেন। এই ভিডিও সমাজ মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে। কাঠগড়ায় তোলা হয় দলের মালিককে।

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন 'মালিকের ভূমিকা একমাত্র সাংবাদিক সম্মেলনে অথবা সাজঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। একমাত্র ক্রিকেটারদের মোটিভেট করা উচিত দলের কর্ণধারদের। দলের মালিক যদি হঠাৎ করে এসে কোনও একজনকে জিজ্ঞাসা করতে শুরু করেন, কী হচ্ছে, সমস্যা কোথায়? হঠাৎ করে অধিনায়ককে প্রকাশ্যেই দলের পারফরম্যান্স নিয়ে কথা শোনাতে থাকেন তাহলে কখনই তা ঠিক নয়।'
এখানেই থেমে থাকেননি সেহওয়াগ। শিল্পপতিকে রীতিমতো লাভ-ক্ষতির হিসাব দেখিয়ে বীরু বলেন, 'এই সব শিল্পপতিরা বোঝে শুধু লাভ আর ক্ষতি। কিন্তু এখানে তো তাঁর কোনও ক্ষতিও হয়নি। তাহলে তাঁর রেগে যাওয়ার কারণ কি? আপনি ৪০০ কোটি টাকা আয় করছেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে প্রত্যেকেই নিজেদের কাজ করার জন্য আছে। ফলে যা-ই ঘটুক না কেন, আপনার তো লাভ হচ্ছে।'
টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও দীর্ঘদিন ধরে ভারতের জার্সিতে খেলছেন। গত তিন বছর ধরে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। এর আগে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন। তাঁর মাথা হেঁট দেখতে রাজি নয় ভক্তরা। এমনকি রাহুলের আইপিএলের অধিনায়কত্ব ছাড়া নিয়েও জল্পনা তৈরি হয়।
যদিও লখনউ দলের মুখপাত্র জানিয়েছেন চলতি আইপিএলে বাকি ম্যাচগুলিতেও অধিনায়কত্ব করবেন রাহুলই। অর্থ্যাত রাহুলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তাতে জল ঢালা হয়েছে লখনউ দলের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications