দ্বিতীয় টেস্টের দল গঠন নিয়ে গাভাসকরের পরামর্শ ওড়ালেন বিরাট
দ্বিতীয় টেস্টের দল গঠন নিয়ে গাভাসকরের পরামর্শ ওড়ালেন বিরাট
চেন্নাই টেস্টে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে ভারতীয় দল। যদিও তাতে গেল গেল রব তোলার কারণ দেখছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে এমন চর্চা যে, কী হওয়া উচিত চিপকে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশ? রিস্ট স্পিনার কুলদীপ যাদবকে খেলানোর প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের পরামর্শ অবশ্য উড়িয়ে দিয়েছেন বিরাট।

গাভাসকর চান কুলদীপকে
সুনীল গাভাসকর ম্যাচের শেষে বলেন, আমি মনে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বড় রদবদল দরকার নেই। কারণ, তাহলে মনে হবে দল প্যানিকে ভুগছে। তবে শাহবাজ নাদিমের জায়গায় কুলদীপ যাদবকে খেলালে বোলিং আক্রমণে বৈচিত্র্য আসবে। ভারতের ২৭টি নো বলের মধ্যে শাহবাজ নাদিম ৯টি নো বল করেছেন। গাভাসকরের মতে, শাহবাজকে দেখে নার্ভাস মনে হচ্ছিল। কেউ যখন নার্ভাস থাকেন, বিশেষ করে স্পিনাররা, তখনই তাঁরা নো বল করেন। অশ্বিন যেমন দীর্ঘ সময় ধরে বোলিংয়ের পর নো বল করেছেন। তবে অশ্বিন আর সুন্দরকে দলে রাখা উচিত। ব্রিসবেনের পর চেন্নাইয়ে প্রথম ইনিংসেও সুন্দরের ব্যাটিং ভালো হয়েছে। তাই অলরাউন্ডার সুন্দরকে প্রথম একাদশে রেখে কুলদীপকে খেলানো যেতেই পারে নাদিমের জায়গায়।

মঞ্জরেকরও কুলদীপের পক্ষে
শাহবাজ নাদিম প্রচুর রান খরচ করেছেন, পেয়েছেন মাত্র চারটি উইকেট। এই পরিস্থিতিতে কুলদীপের মতো রিস্ট স্পিনার, যাঁরা দু-দিকে বল মুভ করাতে পারেন তাঁরা ইংল্যান্ডকে সমস্যায় ফেলতে পারেন বলে মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, ইংরেজ ব্যাটসম্যানরা ব্যাকফুটেও দারুণভাবে ভারতীয় স্পিনারদের সামলাচ্ছেন। তাঁদের সমস্যায় ফেলতে পারেন কুলদীপ। তবে এমন স্লো উইকেট হলে তিনি কতটা কার্যকরী হবেন সেটাও ভাবার বিষয়।

নাদিমের পাশে বিরাট
শাহবাজ নাদিমকে খেলানো ভুল হয়েছে বলে মানতে নারাজ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, অশ্বিন আর সুন্দর দুজনেই ডান হাতি অফ স্পিনার। সেখানে কুলদীপকে খেলানো হলে বৈচিত্র্য আসত বোলিং আক্রমণে এটা ঠিক নয়। বরং বৈচিত্র্যের কথা মাথায় রেখেই নাদিমকে খেলানো হয়েছে এবং সেই সিদ্ধান্ত ভুল ছিল না। একটা ম্যাচ হারলেই দলকে কাঠগড়ায় তোলা উচিত নয় বলে সাফ জানিয়ে বিরাট বলেন, দ্বিতীয় টেস্টের আগে নিশ্চিতভাবেই আমরা সেরা কম্বিনেশন স্থির করে ফেলব।

রাহানের প্রশংসা ভারত অধিনায়কের
চেন্নাই টেস্টে রান আসেনি অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। তাছাড়া বিরাটের অনুপস্থিতিতে রাহানে নেতৃত্ব দিয়ে ভারতকে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতিয়ে ফেরার পর এই সিরিজে অধিনায়কত্বের ব্যাটন গিয়েছে কোহলির হাতেই। এবং ভারত হেরেছে। প্রথম থেকেই রাহানের হাত থেকে ফের বিরাটের হাতে ব্যাটন যাওয়া নিয়ে চর্চা চলছিল। এদিন রাহানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন আসতেই কোহলি স্ট্রেট ব্যাটে জবাব দেন। বলেন, আমাকে খোঁচা দিয়ে লাভ হবে না। পূজারা, রাহানে আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টেস্ট দলে তাঁদের সেজন্যই রাখা হয়েছে। অস্ট্রেলিয়া সফর-সহ রাহানের ব্যাটিং পরিসংখ্যান দেখুন। বারেবারেই দলের আস্থার মর্যাদা দিয়েছেন তিনি। আমাদের মধ্যেও সুসম্পর্ক রয়েছে। রাহানে একজন ইমপ্যাক্ট ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসের কথা বাদ দিন। প্রথম ইনিংসে রাহানে বাউন্ডারি মারতে গিয়ে দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন। ওই বল চার হলে রাহানে আরও রান করতেন এবং এখন এ নিয়ে চর্চা হতো না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন বা পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের শীর্ষে থাকা নিয়েও বিশেষ চিন্তিত নন বিরাট। তাঁর জবাব, লকডাউনে নিয়ম পরিবর্তন হলে তা কারও হাতে নেই। আমাদের হাতে যেটা রয়েছে, সেটা হল ভালো খেলা। আমাদের খেলায় ফোকাস রেখে সেই লক্ষ্যেই এগোতে চাই। দলগত সংহতিতে ভর করে দ্বিতীয় টেস্ট থেকেই উল্টোদিকে চাকা ঘোরাতে মরিয়া ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications