Virat Kohli: বিরাট কোহলির জন্মদিনে নজরে ঈর্ষণীয় রেকর্ডগুলি, যা ভাঙা কার্যত দুঃসাধ্য
Virat Kohli: রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। মহান অনিশ্চয়তার খেলা ক্রিকেট। সে কথা মাথায় রেখেও এটা বলাই যায়, এমন কিছু রেকর্ড আছে যা ভাঙা অসম্ভব। কার্যত দুঃসাধ্য বললেও ভুল হবে না।
আজ বিরাট কোহলির ৩৬তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের নিরিখে কোহলির ধারেকাছে কোনও ক্রিকেটার নেই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএলে একাধিক রেকর্ড তাঁর দখলে। তার মধ্যে অনেকগুলি ভাঙার কাজ মোটেই সহজ হবে না।

সচিন তেন্ডুলকর যখন অবসর নেন তখনও মনে হয়নি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪৯টি শতরানের রেকর্ড কেউ ভেঙে দিতে পারেন। যদিও গত বছর জন্মদিনে সচিনের ৪৯টি ওডিআই শতরানের রেকর্ড স্পর্শ করেন। ১৫ নভেম্বর বিরাট ওয়াংখেড়েতে পেয়ে যান ৫০তম ওডিআই শতরান।
বিরাট কোহলির ৫০টি ওডিআই শতরানের রেকর্ড ভাঙা কারও পক্ষে কার্যত দুঃসাধ্যই বলা চলে। এই রেকর্ডটি আজীবন অক্ষতও থাকতে পারে। কারণ, একদিনের আন্তর্জাতিকে শতরানকারীদের তালিকায় তিনে রয়েছেন রোহিত শর্মা, রোহিতের রয়েছে ৩১টি ওডিআই শতরান।
চারে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৩০টি ওডিআই শতরান পেয়েছেন। সনৎ জয়সূর্যর রয়েছে ২৮টি ওডিআই শতরান, তিনি রয়েছেন পাঁচে। বর্তমানে যে ক্রিকেটাররা খেলছেন তাঁদের মধ্যে বাবর আজমের ১৯টি, শেই হোপের ১৭টি ও স্টিভ স্মিথের ১২টি ওডিআই শতরান আছে। তাঁরা ৫০ থেকে অনেক দূরেই।
ভারতের সেরা টেস্ট অধিনায়কের রেকর্ডও কোহলির দখলে। সেই রেকর্ড ভাঙাও অসম্ভব। কোহলি ভারতকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। জয় এসেছে ৪০টিতে। অধিনায়ক হিসেবে টেস্ট জেতার নিরিখে কোহলির চেয়ে এগিয়ে বিশ্বের মাত্র তিনজন অধিনায়ক।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম আট হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার ও ১৩ হাজার রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহিলর দখলে। এগুলিও অক্ষত থাকার সম্ভাবনা। কেন না, মাত্র ৫ ব্যাটারই ওডিআইয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি ২১ বার সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এই ঈর্ষণীয় রেকর্ড তিনি দখলে নিয়েছেন সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে। সচিন ২০ ও শাকিব আল হাসান ১৭ বার সিরিজ-সেরা হন। গত বছর বিশ্বকাপে কোহলি ৭৬৫ রান করেন। কোনও বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের এই রেকর্ডটিও কোহলির দখলে। যা ভাঙা অসম্ভবই বলা চলে।
এখানেই শেষ নয়। কোহলির দখলে রয়েছে আরেকটি ঈর্ষণীয় রেকর্ড। টি২০ বিশ্বকাপ ও ৫০ ওভারের বিশ্বকাপ- দুই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা হওয়ার রেকর্ড। ২০১৪ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে কোহলি টুর্নামেন্টের সেরা হন। এরপর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন গত বছরের বিশ্বকাপে। এমন নজির বিশ্বের কারও নেই।












Click it and Unblock the Notifications