টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে তিন মাইলস্টোন ছুঁতে পারেন ভারত অধিনায়ক কোহলি
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে তিন মাইলস্টোন ছুঁতে পারেন ভারত অধিনায়ক কোহলি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে যে যে ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট দল, তাঁদের মধ্যে বিরাট কোহলি অন্যতম। হাই ভোল্টেজ ম্যাচে ভারত অধিনায়কের কাছ থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে এই ম্যাচেই বড় তিন টেস্ট মাইলস্টোন ছোঁয়ার সুযোগ পাবেন রান মেশিন। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ হাজার টেস্ট রান
১৮ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২২৭ রান করতে হবে বিরাট কোহলিকে। তবেই লাল বলের ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ হাজার রান পূর্ণ হবে ভারত অধিনায়কের। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ (৮২২) এবং বাংলাদেশের (৩৯২) বিরুদ্ধেও টেস্টে ১ হাজার রান পূর্ণ হওয়া বাকি বিরাটের।

সবচেয়ে বেশি দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকা
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। লাল বলের ক্রিকেটে সাত বার ২০০-এর গণ্ডী পার করেছেন ভারত অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিশতরান করতে পারলেই মাহেলা জয়াবর্ধনে ও ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডকে টপকে সংখ্যার নিরিখে চতুর্থ স্থানে উঠে আসবেন বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে ৬ হাজার রান
টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে টেস্টে ৫৯৩২ রান করেছেন বিরাট কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আর ৬৮ রান করতে পারলেই ৬ হাজারের ক্লাবে প্রবেশ করবেন ভারত অধিনায়ক। তালিকার প্রথম স্থানে থাকা গ্রেম স্মিথ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে টেস্টে ৮৬৫৯ রান করেছেন। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যালেন বর্ডার (৬৬২৩ রান) ও রিকি পন্টিং (৬৫৪২ রান)।

বিরাট কোহলির টেস্ট কেরিয়ার
এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯১টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট ৭৪৯০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ২৭টি শতরান রয়েছে বিরাট কোহলির। সর্বাধিক স্কোর অপরাজিত ২৫৪।












Click it and Unblock the Notifications