ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে এগিয়ে আসতে পারেন কোহলি, টিম ইন্ডিয়ায় পরিবর্তনের হাওয়া
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে এগিয়ে আসতে পারেন কোহলি, টিম ইন্ডিয়ায় পরিবর্তনের হাওয়া
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে যাওয়ার জন্য দলের ব্যাটসম্যানদের দুষেছেন বিরাট কোহলি। এক নির্দিষ্ট ব্যাটসম্যান যে তাঁর আক্রমণের প্রধান কেন্দ্রে রয়েছেন, তাও বুঝিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এই অবস্থায় আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এগিয়ে আসতে পারেন বিরাট
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় ক্রিকেট দলে পরিবর্তন যে অবশ্যম্ভাবী, তার ইঙ্গিত আগেই দিয়েছেন বিরাট কোহলি। ফলে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার থেকে চেতেশ্বর পূজারার বাদ পড়াটা নিশ্চিত হতে চলেছে বলে খবর। যার গত ৩৫টি টেস্ট ইনিংস থেকে শতরান আসেনি। গত দুই বছর ধরে চলা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৮টি ম্যাচ খেলে মাত্র ৮৪১ রান করেছেন ডান হাতি ব্যাটসম্যান। ফাইনালের দ্বিতীয় ইনিংসে পূজারার ৮০ বলে ১৫ রানের মন্থর ব্যাটিংয়ের পরোক্ষ সমালোচনা শোনা গিয়েছে ভারত অধিনায়কের গলায়। পূজারাকে বাদ দেওয়া হলে বিরাট কোহলিকে ভারতীয় ব্যাটিং অর্ডারের তিন নম্বরে ব্যাটং করতে দেখা যেতে পারে। অন্যদিকে শেষ সাতটি টেস্ট ইনিংসে ০, ১৪, ১১, ১৫ (অপরাজিত), ০, ২৮, ৮ রান করা তরুণ শুভমান গিলের পারফরম্যান্সও ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথার কারণ হয়েছে বলে শোনা যাচ্ছে।

রাহুল ও বিহারীর অন্তর্ভূক্তি
ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টেস্ট সিরিজে চেতেশ্বর পূজারাকে বাদ পড়তে হলে পরিবর্ত হিসেবে মিডল অর্ডারের শক্তিবৃদ্ধি করতে হনুমা বিহারীর অন্তর্ভূক্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেএল রাহুলের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। বা এমনও হতে পারে শুভমান গিল ও চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে তার পরিবর্তে ওপেনে কেএল রাহুল ও মিডল অর্ডারে হনুমা বিহারীকে নামাতে পারে ভারতীয় টিম ম্যামেজমেন্ট।

তরুণরা পরীক্ষিত হতে পারেন
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় বোলাররাও যে খুব সফল হয়েছেন, তা বলা যাবে না। মহম্মদ শামি ছাড়া ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার কোনও ফাস্ট বোলার। ম্যাচের চতুর্থ ইনিংসে ২ উইকেট নেওয়ার মৃয়মান দেখিয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তরুণ তারকাদের সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরের মতো ফাস্ট বোলাররা অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডেও নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন।

ভারত বনাম ইংল্যান্ড
আগামী ৪ অগাস্ট নটিংহ্যামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে। লর্ডসে ১২ অগাস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ২৫ অগাস্ট লিডসে দুই দেশের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে। দ্য ওভালে ২ সেপ্টেম্বর থেকে শুরু ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। ১০ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ শুরু হবে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে হবে খেলা।












Click it and Unblock the Notifications