ICC WTC Final: বিরাটের আন্তর্জাতিক শতরানের খরা হাফ সেঞ্চুরির দোরগোড়ায়

আন্তর্জাতিক শতরানের জন্য বিরাট কোহলির প্রতীক্ষা আরও বাড়ল। টেস্ট কেরিয়ারে দশ বছর পূর্তির দিনে এক রানও করতে পারলেন না ভারত অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ কাইল জেমিসনের বলে লেগ বিফোর হলেন। গতকাল অপরাজিত ছিলেন ৪৪ রানে, আজ সেই রানেই সন্তুষ্ট থেকে প্যাভিলিয়নের পথ ধরতে হল কিং কোহলিকে। রিভিউ নিয়ে রক্ষা পেলেন না।

বিরাট উইকেট

বিরাট উইকেট

কেরিয়ারের ৯২তম টেস্ট বিরাট কোহলি খেলতে নেমেছেন বিরাট। একইসঙ্গে তিনি ভারত অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি ৬১টি টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। টেস্টে সাড়ে সাত হাজার রান গতকালই পূর্ণ করেছেন। মাইলস্টোন ম্যাচে দ্বিতীয় দিনের মেঘলা আবহাওয়ায় কঠিন চ্যালেঞ্জ সামলাতে বিরাট যেভাবে ধৈর্য্যের পরীক্ষা দিচ্ছিলেন, মাথা ও শরীর সঠিক জায়গায় রেখে যেভাবে খেলছিলেন তা দেশে সকলের শেখা উচিত বলে মন্তব্য করেন সুনীল গাভাসকর। আজ টেস্ট কেরিয়ারে ১০ বছর পূর্তির দিনে অবশ্য ভক্তদের হতাশ করলেন বিরাট। আট বলের বেশি টিকতে পারলেন না, আজ বিরাটকে ফিরতে হল কোনও রান যোগ না করেই। গাভাসকরের মতে, এটা হল নিউজিল্যান্ড বোলারদের অন্য রণকৌশলে। আজ ভারতীয় ব্যাটসম্যানদের বল ছাড়ার সুযোগ না দিয়ে বেশিরভাগই খেলতে বাধ্য করছেন কিউয়ি বোলাররা।

অন্তহীন প্রতীক্ষা

অন্তহীন প্রতীক্ষা

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ দিনের বেশি সময় পেরিয়েছে বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। তিন ফরম্যাটেই। যা একেবারেই বিরাট-সুলভ নয়। আজ ৪৪ রানে আউট হওয়ায় এই নিয়ে ৪৫টি ইনিংস বিরাট খেললেন একটিও শতরানের মুখ না দেখে। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন ভারত অধিনায়ক। সেই ১৩৬ রানের পর ৬ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হায়দরাবাদে টি ২০ আন্তর্জাতিকে অপরাজিত ছিলেন ৯৪ রানে। সেই রানও আজ অবধি টপকাতে পারেননি বিরাট। ইডেন টেস্টের শতরান থেকে ধরলে তিন ফরম্যাটে ১৭টি অর্ধশতরান করেছেন, কিন্তু সেটিকে শতরানে পরিণত করতে পারেননি।

প্রভাব পড়েছে গড়ে

প্রভাব পড়েছে গড়ে

২০০৮ সাল থেকে আজ অবধি ৪৩৬টি আন্তর্জাতিক ম্যাচে ৪৮৩টি ইনিংসে বিরাট মোট রান করেছেন ২২,৮৬২। ৭৪ বার অপরাজিত থেকেছেন। সর্বাধিক অপরাজিত ২৫৪। ৭০টি শতরান ও ১১৫টি অর্ধশতরান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে বিরাটের গড় ৫৫.৭৬। কিন্তু ইডেন টেস্ট থেকে সাউদাম্পটনের ফাইনাল অবধি ধরলে তিন ফরম্যাটে বিরাট ৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৬টি ইনিংসে অপরাজিত থেকেছেন ছয়বার। রান ১,৮২৬। সর্বাধিক ইডেন টেস্টের ১৩৬। গড় নেমে এসেছে ৪৫.৬৫-এ।

টেস্টে বিরাট

টেস্টে বিরাট

২০১৯-এর ইডেন টেস্ট থেকে ধরলে সাউদাম্পটনের ফাইনাল অবধি বিরাট ৯টি টেস্টে ১৪টি ইনিংসে ব্যাট করেছেন। রান ৪৬৮, সর্বাধিক ১৩৬, গড় ৩৩.৪২। একটি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। তবে ইডেনের ১৩৬ বাদ দিলে বাকি ১৩ ইনিংসে গড় ও রান অনেকটাই কমে আসবে। সেক্ষেত্রে বাকি ১৩টি ইনিংসে বিরাটের মোট রান মাত্র ৩৩২। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চ টেস্টে গত বছর বিরাটের রান ছিল যথাক্রমে ১৯, ২, ১৪ ও ৩। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ও ৭৪। দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজে চেন্নাইয়ে প্রথম টেস্ট থেকে আমেদাবাদে শেষ টেস্ট অবধি বিরাটের রান যথাক্রমে ৭২, ১১, ৬২, ০, ২৭ ও ০। আজ সাউদাম্পটনের ফাইনালে তিনি আউট হলেন কাইল জেমিসনের বলে ৪৪ রান করে। মজার কথা হল, আইপিএল চলাকালীন ডিউকস বল নেটে অনুশীলনের জন্য রেখেছিলেন জেমিসন। বিরাট তা জেনে অনুশীলনে ডিউকস বলে বল করার জন্য জেমিসনকে অনুরোধ করেছিলেন। কিন্তু এই ফাইনালের কথা ভেবে তিনি রাজি হননি। দ্বিতীয় দিনে জেমিসনদের বিরাট সামলালেও আজ আরসিবি সতীর্থই দখলে নিলেন অধিনায়কের উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+