আইসিসি-র পর ফোর্বস তালিকাতেও শীর্ষে বিরাট কোহলি, পিছনে সলমন-অক্ষয়-ধোনি
সাফল্যে ভরা ২০১৯। এই বছরই ভারতের অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে একের পর এক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। পৌঁছে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের আরও কাছে।
সাফল্যে ভরা ২০১৯। এই বছরই ভারতের অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে একের পর এক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। পৌঁছে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের আরও কাছে। আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ও ওয়ান ডে ক্রম তালিকার পয়লা নম্বর স্থানও দখল করেছেন ভিকে। বছর শেষের গোধূলিতে বিরাটের সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি পালক। ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে রোজগারের নিরিখে দেশে ফার্স্ট বয় টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ফোর্বসের পরিসংখ্যান
২০১৮-র পয়লা অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সমীক্ষা করে ফোর্বস ইন্ডিয়া। এক বছরে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির রোজগার ২৫২.৭২ কোটি বলে জানানো হয়েছে।

পিছনে ধোনি-সচিন
১০০ জনের এই তালিকায় বিরাট কোহলির অনেক পিছনে রয়েছেন ভারতীয়ে ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার চালিয়ে ১৩৫.৯৩ কোটি টাকা রোজগার করেছেন মাহি। তিনি তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। তালিকার নবম স্থানে থাকা সচিনের রোজগার ৭৬.৯৬ কোটি টাকা বলে ফোর্বসের তরফে জানানো হয়েছে।

বিরাটের পিছনে সলমন-অক্ষয়
ফোর্বস প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার চালিয়ে ২৯৩.২৫ কোটি টাকা রোজগার করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সংখ্যার নিরিখে আক্কি বিরাটের থেকে এগিয়ে থাকলেও, সংবাদমাধ্যমে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২০১৮-র পয়লা অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে ২২৯.২৫ কোটি টাকা রোজগার করেছেন তারকা সলমন খান। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।

তালিকায় আলিয়া-দীপিকা
গত এক বছরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার চালিয়ে ৫৯.২১ কোটি টাকা রোজগার করা বলিউড দিভা আলিয়া ভাট ফোর্বস প্রকাশিত তালিকার অষ্টম স্থানে রয়েছেন। ৪৮ কোটি টাকা রোজগার নিয়ে তালিকার দশম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।












Click it and Unblock the Notifications