আইসিসি টেস্ট ক্রমতালিকায় উন্নতি বুমরাহের, অবনতি বিরাটের
আইসিসি টেস্ট ক্রমতালিকায় উন্নতি বুমরাহের, অবনতি বিরাটের
আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় ধাপ উঠে প্রথম পাঁচে জায়গা করে নিলেন জসপ্রীত বুমরাহ। বোলারদের টেস্ট ক্রমতালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিলেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সুবাদে দশ থেকে চারে জায়গা করে নিয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক।

দিন-রাতের টেস্টে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আট উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। এই উন্নতিতে বুমরাহ ছাপিয়ে গিয়েছেন শাহিন আফ্রিদি, কাইল জেমিসন, টিম সাউদি, জেমস অ্যান্ডারসন, নিল ওয়াগনার এবং জস হ্যাজেলউডকে।
ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ নজরকাড়া উন্নতি করলেও টেস্ট ক্রমতালিকায় বেশ কয়েক ধাপ পতন হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। আইসিসি ক্রমতালিকায় পাঁচ নম্বরে ছিলেন বিরাট, চার ধাপ নেমে তাঁর স্থান হয়েছে নবম স্থানে। দশম স্থানে রয়েছেন ঋষভ পন্থ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ছিল বিরাটের শততম টেস্ট। সেই ম্যাচে ভারতীয় টেস্ট দলের সদ্য প্রাক্তন নেতার ব্যাট থেকে এসেছিল ৪৫ রান। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে তাঁর রান এসেছে যথাক্রমে ২৩ এবং ১৩।
২০১৯ সালে টেস্ট ক্রিকেটে শেষ শতরান করেছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরে ১৩৬ রান করেছিলেন বিরাট। আইসিসি'র ক্রমতালিকায় বিরাটের পতন হলেও রোহিত শর্মা ষষ্ঠ স্থান ধরে রেখেছেন। অপর দিকে, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৪০ ধাপ উঠে ৩৭ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ার। বেঙ্গালুরুতে ১০৭ রানের ইনিংস খেলার সুবাদে কেরিয়ারের সেরা টেস্ট ক্রমতালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ডিমুথ করুণারত্ন।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা। জেসন হোল্ডারকে শীর্ষ স্থান থেকে সরিয়ে দিয়েছেন এই বামহাতি ভারতীয় অল-রাউন্ডার। মোহালি টেস্টে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রবীন্দ্র জাডেজা। ৯ উইকেট ওই টেস্ট থেকে অর্জন করেন রবীন্দ্র জাডেজা। অল-রাউন্ডারদের তালিকায় সেরা পাঁচের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান এবং বেন স্টোকস। অপর দিকে বোলারদের ক্রমতালিকায় রবীন্দ্র জাডেজাকে সরিয়ে ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন মহম্মদ সামি। প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন এবং কাগিসো রাবাডা সেরা তিন স্থান ধরে রেখেছেন বোলারদের তালিকায়।












Click it and Unblock the Notifications