বিরাট কোহলির শতরানে রানের পাহাড়ে ভারত! নির্বিষ বোলিং করা শ্রীলঙ্কার জিততে দরকার ৩৭৪
গুয়াহাটিতে শ্রীলঙ্কার সামনে ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারত ৩৭৩ রান তুলেছে। বিরাট কোহলি এদিন ওডিআই কেরিয়ারের ৪৫তম এবং গুয়াহাটিতে টানা দ্বিতীয় ওডিআই শতরান পেলেন। অর্ধশতরান করেছেন রোহিত শর্মা ও শুভমান গিল। কাসুন রাজিথা তিন উইকেট পেলেও ১০ ওভারে ৮৮ রান দেন।

ভারতের ওপেনিং জুটিতে ওঠে ১৯.৪ ওভারে ১৪৩ রান। শুভমান গিল ১১টি চারের সাহায্যে ৬০ বলে ৭০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ৬৭ বলে ৮৩ রান করেন। ওপেনারদের এই ব্যাটিংই তাঁর স্বাভাবিক খেলার পথ প্রশস্ত করে দেয় বলে জানিয়েছেন বিরাট কোহলি। রোহিত ও গিল শতরান হাতছাড়া করলেও দায়িত্বশীল ব্যাটিং করে ভারতকে কার্যত নিরাপদ জায়গায় পৌঁছে দেন বিরাট কোহলি। ভাগ্যের সহায়তাও অবশ্য তিনি পেয়েছেন। স্ট্রাইক রেটে রাশ টেনেছিলেন ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই। বিরাটের মতে, সাড়ে তিনশোর চেয়েও যে বেশি রান ভারত তুলেছে তা গুরুত্বপূর্ণ হতে পারে এদিনের ম্য়াচে।
বিরাট কোহলি করেন ৮৭ বলে ১১৩ রান। তাঁর ইনিংসে রয়েছে ১২টি চার ও একটি ছক্কা। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৮ রান করেন শ্রেয়স আইয়ার। সূর্যকুমার যাদব শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি ২০ আন্তর্জাতিকে বিধ্বংসী শতরান করলেও তাঁকে না নিয়ে এদিন একাদশে শ্রেয়সকে রাখা হয়। কিন্তু এদিন তিনি যে স্কোরে আউট হলেন তাতে তাঁর জায়গা কিন্তু টলমল হতেই পারে। পাঁচে নেমে ঝোড়ো ইনিংস খেলছিলেন লোকেশ রাহুল। বিরাট কোহলিকে যোগ্য সঙ্গতও দিচ্ছিলেন। তবে তিনি ২৯ বলে ৩৯ রানের বেশি করতে পারেননি। চারটি চার ও একটি ছয় মেরেছেন।
ভারতের শেষ ৩ ওভারে উঠেছে ৩৮ রান, ২ উইকেট পড়েছে। হার্দিক পাণ্ডিয়া ১২ বলে ১৪, অক্ষর প্যাটেল ৯ বলে ৯ রান করে আউট হন। মহম্মদ শামি ৪ বলে ৪ ও মহম্মদ সিরাজ ৮ বলে ৭ রান করেন। কাসুন রাজিথা ১০ ওভারে ৮৮ রান দিয়ে তিন উইকেট নেন। দিলশান মাদুশঙ্কা ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে অবধি ৬ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। চামিকা করুণারত্নে, দাসুন শনাকা ও ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট নিয়েছেন। শেষ ১০ ওভারে ভারত ৭৯ রান তুলতে সক্ষম হয়। তা সত্ত্বেও এই স্টেডিয়ামে দলগত সর্বাধিক স্কোর এদিন তুলেছে ভারত।












Click it and Unblock the Notifications