বিরাট কোহলি পেলেন ৪৬তম ওডিআই শতরান, তার আগেই মারাত্মক জখম হলেন শ্রীলঙ্কার ২ ক্রিকেটার
২০১৯ সাল থেকে ২০২২ অবধি চলেছিল দীর্ঘ শতরানের খরা। তবে নতুন বছরে ইতিমধ্যেই দ্বিতীয় শতরানটি পেয়ে গেলেন বিরাট কোহলি। বাংলাদেশে একদিনের আন্তর্জাতিকে শতরানের খরা মিটিয়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে দ্বিতীয় শতরানটি আজ তিনি পূর্ণ করলেন ত্রিবান্দ্রমে। ওডিআই কেরিয়ারে এটি বিরাটের ৪৬তম শতরান।
|
শ্রীলঙ্কার দুই ক্রিকেটার আহত
যদিও এই শতরানটি আসার আগে খেলা চলাকালীন মারাত্মক সংঘর্ষে আহত হলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। স্ট্রেচারে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চামিকা করুণারত্নের বলে বিরাট কোহলির একটি শট বাঁচাতে দৌড়েছিলেন শ্রীলঙ্কার আশেন বান্দারা ও জেফ্রি ভ্যান্ডারসে। বলটি আটকাতে না পারলেও তাঁদের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। দুজনই যন্ত্রণায় কাতরাতে থাকেন। এরপর স্ট্রেচারে করে তাঁদের বাইরে নিয়ে যাওয়া হয়। এই চারের সাহায্যে বিরাট ৯৯ রানে পৌঁছেছিলেন।
|
বিরাটের শতরান
দুই সতীর্থকে দেখতে মাঠের বাইরে যান শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তাঁরা মাঠে ফিরে আসার পর বিরাট কোহলিকে দেখা যায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে। এর পরের বলেই শতরান পূর্ণ করেন কিং কোহলি। শেষ চারটি ইনিংসে এটি বিরাটের তৃতীয় শতরান। ৮৫ বলে এদিন শতরান পূর্ণ করেন বিরাট। কোহলির অর্ধশতরান এদিন এসেছিল ৪৮ বলে। তখনও অবধি বিরাট ৫টি চার মেরেছিলেন। শতরান পূর্ণ করার সময় বিরাটের নামের পাশে ১০টি চার ও একটি ছয়।
|
শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক সেঞ্চুরি
শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট ৫০তম একদিনের আন্তর্জাতিক খেলছেন। এদিন ৬৩ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিকে বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনি মাহেলা জয়বর্ধনেকে টপকে উঠে এসেছেন প্রথম পাঁচে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯টি ইনিংসে তিনি দশম শতরানটি হাঁকালেন এদিন। ওডিআই কেরিয়ারে আর কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে বিরাটের ১০টি ওডিআই সেঞ্চুরি নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয়েছে ৯টি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি। এ ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি করে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি, পাকিস্তানের বিরুদ্ধে ২টি ও জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি শতরান রয়েছে কোহলির। এদিন আন্তর্জাতিক কেরিয়ারের ৭৪তম শতরানটি এসেছে বিরাটের ব্য়াট থেকে।
বিরাটের পাশাপাশি শতরান গিলের
চলতি বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তার আগে বিরাট কোহলির চেনা ছন্দে ফেরা উচ্ছ্বসিত করেছেন ক্রিকেটপ্রেমীদের। ভারত এদিনও সাড়ে তিনশো পার করতে চলেছে। বিরাট কোহলি ছাড়াও আজকের ম্যাচে শতরান করেছেন শুভমান গিল। তিনি ৯৭ বলে ১১৬ রান করেছেন। রোহিত শর্মা করেন ৪৯ বলে ৪২। বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়ে চারে নেমে ঝোড়োগতিতে রান তুলছেন শ্রেয়স আইয়ার।












Click it and Unblock the Notifications