Virat Kohli: ছোটবেলা থেকে যে কাগজ পড়েছি, সেখানেও ফেক নিউজ! বিরাট কোহলি কোন ভুয়ো খবরে চটলেন?
Virat Kohli: বিরাট কোহলি নিজের ফার্মহাউসে ক্রিকেট পিচ তৈরি করছেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই দাবি করা হয়েছিল। যদিও তা ভুয়ো খবর (Fake News) বলে ক্ষোভ উগড়ে দিলেন বিরাট কোহলি নিজেই।
একইসঙ্গে কড়া সমালোচনা করেছেন ওই সংবাদমাধ্যমেরও। উল্লেখ্য, এর আগেও সংবাদমাধ্যমের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন কিং কোহলি।

মুম্বইয়ের কাছে অভিজাত আলিবাগ এলাকায় ৮ একর জমি কিনেছেন বিরাট ও অনুষ্কা। ১৯.২৪ কোটি টাকার বিনিময়ে, জিরাড গ্রামের কাছে এই জমি কেনার ক্ষেত্রে দুটি আলাদা চুক্তি হয়েছে। জমির পরিমাণ নির্দিষ্ট করে বলতে গেলে ২.৫৪ একর ও ৪.৯১ একর। ফার্মহাউস তৈরির কাজকর্ম দেখতে সম্প্রতি সেখানে গিয়েছিলেন বিরুষ্কা।
এরপরই রটে যায় যে, কোহলি ফার্মহাউসেই পিচ তৈরি করছেন। তা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে সরব হয়েছেন বিরাট। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের শিরোনাম শেয়ার করে তিনি লিখেছেন, ছোটবেলা থেকে যে কাগজ পড়েছি, এখন সেখানেও ফেক নিউজ ছাপা হচ্ছে।

সম্প্রতির কোহলির আয় নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরালও হয়। ইনস্টাগ্রামে একেকটি পোস্টের মাধ্যমে কোহলির ১১.৪ কোটি টাকা আয় বলে দাবি করা হয়েছিল বিভিন্ন প্রতিবেদনে। যদিও সোশ্যাল মিডিয়া থেকে তাঁর আয় নিয়ে প্রকাশিত খবরের ভিত্তি নেই বলে দাবি করেছিলেন কোহলি। যে পরিমাণ আয়ের কথা দেখানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
বিরাট কোহলি আপাতত রয়েছেন ছুটির মেজাজে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বিদেশের মাটিতে টেস্ট শতরানের খরা মিটিয়েছেন। ক্যারিবিয়ান সফরে প্রথম একদিনের আন্তর্জাতিক খেললেও পরের দুটি খেলেননি। এমনকী যে ম্যাচ খেলেছিলেন তাতে ব্যাটিং করতেও নামেননি।












Click it and Unblock the Notifications