ক্রিকেট থেকে বিরতি প্রয়োজন কোহলির, বড় মন্তব্য শাস্ত্রীর, একই মত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কেরও
ক্রিকেট থেকে বিরতি প্রয়োজন লাগাতার কোহলির, বড় মন্তব্য শাস্ত্রীর, পাশে পেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে
ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষক রবি শাস্ত্রী মনে করেন ক্রমাগত চলতে থাকা খারাপ ফর্মের কারণে সাময়িক সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়া উচিৎ বিরাট কোহলির।

লখনউ-এর বিরুদ্ধে গোল্ডেন ডাক:
মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট। দুশমন্ত চামিরার বাইরের বলকে বিরাট মারতে গেলে তা জমা পড়ে দীপক হুডার হাতে। কোহলির এই শোচনীয় ফর্ম দেখে গ্যালারিতে উপস্থিত আরসিবি সমর্থকেরাও বিস্মিত হয়ে পড়েন। দীর্ঘ দু'বছরের বেশি সময়ে নিজের পুরনো ছন্দের ধারের কাছে নেই বিরাট কোহলি, যা নিঃসন্দেহে চিন্তা বাড়াতে বাধ্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের।

বিশ্রামে যাওয়া উচিৎ বিরাটের:
ভারতের জার্সিতেও কোহলির ব্যর্থতার পাঁচকাহন তুলে ধরলে তা নিয়ে একটা এগারো এপিসডের ওয়েব সিরিজ তৈরি হতে পারে। ২০১৯ সালে শেষ বার দেশের জার্সিতে শতরান পেয়েছিলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী। কোহলির সঙ্গে ভাল বোঝাপড়া থাকা রবি শাস্ত্রী মনে করেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারের একটা লম্বা বিরতির প্রয়োজন কারণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার ক্লান্তি তাঁকে গ্রাস করছে।

রবি উবাচ:
আইপিএল-এর সম্প্রচারকারী সংস্থাকে রবি বলেছেন, "আমি যখন কোচ ছিলাম, সেই সময় এটা যখন প্রথম শুরু হয়েছিল প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হল 'এই ছেলেগুলোর প্রতি আপনাক সহানুভূতি দেখাতে হবে।' এই পরিস্থিতিতে অনেক সতর্কতা অবলম্বন করে পরিকল্পনা তৈরি করা প্রয়োজন এবং সিদ্ধান্ত নেওয়া দরকার।" শাস্ত্রী মনে করেন এখনও ছয়-সাত বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে বিরাটের মধ্যে। তিনি বলেছেন, "ওর একটা বিশ্রাম প্রয়োজন কারণ ওর মধ্যে এখনও ৬-৭ বছরের ক্রিকেট অবশিষ্ট রয়েছে এবং আপনি চাইবেন না সেটা হারাতে। ও একা নয়, বিশ্ব ক্রিকেটা আরও এক বা দুই জন এমন রয়েছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সমস্যাটাকে আগে আপনাকে চিহ্নিত করতে হবে।"

দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে:
শাস্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত রেখে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও বিরাটকে উপদেশ দিয়েছেন ক্রিকেট থেকে দূরে থাকতে এবং বিশ্রামে থাকতে। পাশাপাশি তিনি জানিয়েছে বিরাটের উচিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেওয়া।

লখনউ-এর বিরুদ্ধে আরসিবি:
বিরাটের ব্যর্থতা প্রভাব ফেলেনি আরসিবির জন্য এই ম্যাচে। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৯৬ রানের ইনিংসের উপর ভর করে ১৮১/৬ তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জবাবে ১৬৩ রানে শেষ হয়ে যায় লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। লখনউ-এর বিরুদ্ধে এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফাফ ডু প্লেসিস। সম সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লখনউ রইল চতুর্থ স্থানে।












Click it and Unblock the Notifications