কোহলির ৩৭তম শতরান, ফের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রানের ফোয়ারা ভারতের
এদিন টসে জিতে প্রথম ব্যাট করে করে ফেললেন আর একটি ঝোড়ো শতরান। এদিন একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ৩৭তম শতরানটি করে ফেললেন বিরাট।
এলেন, দেখলেন ও জয় করলেন। বিরাট কোহলি সম্পর্কে একথা বলাটা অত্যুক্তি হবে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরান করেছিলেন। তিনশো রান তাড়া করে অনেক আগে ভারত ম্যাচ বের করে ফেলেছিল। আর এদিন টসে জিতে প্রথম ব্যাট করে করে ফেললেন আর একটি ঝোড়ো শতরান। এদিন একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ৩৭তম শতরানটি করে ফেললেন বিরাট।

টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মা (৪) তাড়াতাড়ি ফেরেন। শিখর ধাওয়ান (২৯) বেশি রান করতে পারেননি। তিন নম্বরে নামা কোহলি ব্যাটিংয়ের হাল ধরেন অম্বাতি রায়াডুকে নিয়ে।
রায়াডু দারুণ খেলছিলেন। তবে নার্সের বলে স্যুইপ করতে গিয়ে ৭৩ রানে ফিরে যান। তবে কোহলি ভুল করেননি। কেন তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান তা ফের বুঝিয়ে দিলেন। ১২৯ বলে করে গেলেন ১৫৭ রানের অপরাজিত ইনিংস।
মাঝে মহেন্দ্র সিং ধোনি (২০), ঋষভ পন্থ (১৭), রবীন্দ্র জাদেজা (১৩)-রা কোহলির সঙ্গে ছোট ছোট পার্টনারশিপ গড়েন। অর্ধশতরানের আগেই কোহলির ক্যাচ ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তারই খেসারত দিল দল। কোহলি নিজের দলকে তিনশো পার করিয়ে দিলেন। সবমিলিয়ে ভারত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করেছে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যাশলে নার্স ও ওবেড ম্যাককয় ২টি করে উইকেট নিয়েছেন। মার্ল স্যামুয়েলস ও কেমার রোচ ১টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications