Virat Kohli: জন্মদিনে খেলা ম্যাচগুলিতে কোহলির সেরা সাফল্য ইডেনেই, ছুঁয়েছিলেন সচিনকে
Virat Kohli: বিরাট কোহলি ৩৬ পেরিয়ে পদার্পণ করলেন ৩৭-এ। আজ তাঁর জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই।
আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে বিরাট কোহলি কলকাতায় জন্মদিন কাটিয়েছেন ২ বার। জন্মদিনে খেলা ম্যাচগুলিতে কোহলির সেরা সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে ইডেন গার্ডেন্স।

গত বছর ঠিক আজকের দিনেই ইডেনে ছিল বিশ্বকাপের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। জন্মদিনে বিরাট কোহলি সেই ম্যাচে তিনে নেমে ১২১ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন। ১৯৫ মিনিট ক্রিজে থেকে মেরেছিলেন ১০টি চার। ভারত ৬ উইকেটে ৩২৬ তোলে। প্রোটিয়ারা গুটিয়ে যায় ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানেই।
ভারত ২৪৩ রানে সেই ম্যাচটি জেতে। জন্মদিনে বিশ্বকাপের এই ম্যাচে সেরার পুরস্কার স্বাভাবিকভাবেই পান কোহলি। ফলে জন্মদিনে খেলা ম্যাচে এটিই বিরাটের সেরা সাফল্য। তাছাড়া এটি বিরাটের কেরিয়ারের ৪৯তম ওডিআই শতরান।
ইডেনের এই সেঞ্চুরিতে একদিনের আন্তর্জাতিকে সচিনের সর্বাধিক রেকর্ড স্পর্শ করেছিলেন কোহলি। পরবর্তীকালে এককভাবে সেই রেকর্ডের দখল নেন। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ করেছিলেন। ১৫ নভেম্বর একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক শতরানের বিশ্বরেকর্ড সচিনের হাতছাড়া হয়, যায় কোহলির দখলে।
২০১৩ সালেও জন্মদিন কলকাতায় কাটিয়েছিলেন বিরাট। কেন না, ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ ছিল ৬ নভেম্বর থেকে। ম্যাচের আগের দিন ছিল কোহলির জন্মদিন। সতীর্থদের সঙ্গেই জন্মদিন সেলিব্রেট করেছিলেন বিরাট। জন্মদিনে কোহলিকে দেখতে ইডেনে ভারতের অনুশীলন দেখতে অনেক বিরাট-ভক্তই হাজির ছিলেন গ্যালারিতে। সেই টেস্টে বিরাট অবশ্য মাত্র ৩ রান করেন।
২০২১ সালের জন্মদিনে বিরাট কোহলিকে খেলতে দেখা গিয়েছিল। সেবার দুবাইয়ে টি২০ বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল স্কটল্যান্ডকে ৮৫ রানে বেঁধে ফেলে ৮১ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় তুলে নিয়েছিল। কোহলি অপরাজিত ছিলেন ২ বলে ২ রান করে।












Click it and Unblock the Notifications