ক্রিকেট ভগবানকে ছোঁওয়ার দৌড় শুরু বিরাটের
রিকি পন্টিংকেও টপকে গেলেন বিরাট কোহলি, থামানো যাচ্ছে না ক্যাপ্টেন কোহলিকে
কেরিয়ার গ্রাফ যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি তাতে কোথায় গিয়ে থামবেন তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও বিশেষ অনুমান করতে এই মুহূর্তে পারছেন না। প্রথম অধিনায়ক হিসেবে দুটো হোয়াইট ওয়াশ। ব্যক্তিগত মাইলস্টোনে ছুঁয়ে ফেললেন রিকি পন্টিংকে।

ম্যাচ সংখ্যা ১৯৪-এ ঝোলায় পুরে ফেললেন একদিনের ক্রিকেটে ৩০ টি শতরান। এক ম্যাচ আগে ২৯ তম শতরান করে টপকে গিয়েছিলেন শ্রীলঙ্কান লেজেন্ড সনৎ জয়সূর্যকে। আর তার পরের ম্যাচেই ছুঁয়ে ফেললেন অজি লেজেন্ড রিকি পন্টিংকে। পন্টিং ৩৭৫ ম্যাচে ৩০ টি শতরান করেছিলেন। সেখানে বিরাট কার্যত তার অর্ধেক সংখ্যার ম্যাচে করে ফেললেন ৩০ শতরান।
বিরাটের শতরানের মধ্যে ১৯ টি শতরান এসেছে রান তাড়া করার সময়। অর্থাৎ যখন চাপ আরও বেশি থাকে তখনই যেন দলের জার্সি গায়ে নিজেকে আরও মেলে ধরেন তিনি। এদিকে শুধু ব্যক্তিগত পরিসংখ্যান বা পারফরম্যান্স নয়, নেতা হিসেবেও নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। প্রথম অধিনায়ক হিসেবে পরপর দুটি সিরিজে হোয়াইট ওয়াশের কৃতিত্ব অর্জন করলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার ওয়ান ডে সিরিজেও হোয়াইট ওয়াশ নিঃসন্দেহে বিরল কৃতিত্ব। অন্যদিকে এর আগে ভারত শুধুমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল। বিরাটের ভারত সেই তালিকায় শ্রীলঙ্কাকে জুড়ে দিল।
আকাশ ছুঁতে চলেছেন বিরাট কোহলি। একদিনের সিরিজে পরপর দুটি শতরান সেরে নিলেন কোহলি। কলম্বোতে শ্রীলঙ্কান বোলিংকে ক্লাব স্তরে নামিয়ে এনে ৩০ তম শতরান সেরে নিলেন কোহলি। এখন বিরাটের সামনে শুধু ৪৬৩ ম্যাচে ৪৯ টি শতরান করা সচিন। যেভাবে বিরাট এগোচ্ছেন তাতে এই সব রেকর্ড আর কতদিন থাকবে তা বড় প্রশ্ন।
কলম্বোয় শেষ একদিনের ম্যাচে মাত্র ১১৬ বলে ১১০ রান করেন বিরাট। তাঁর এদিনের ইনিংস সাজানো ৯ টি চার দিয়ে। অর্থাৎ যখন যেরকম প্রয়োজন দলের জন্য সেরকম কার্যকরী ইনিংস খেলছেন তিনি। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেট এক নতুন প্যাকেজ পেয়েছে, এখন দেখার তাঁর পারফরম্যান্স কত দূর অবধি যায়।












Click it and Unblock the Notifications