অ্যান্ডারসনের সঙ্গে বিরাট বাকযুদ্ধ! লর্ডসে ব্যর্থতার পর কোহলিকে পরামর্শ গাভাসকরের
লর্ডস টেস্টেও ব্যর্থতার ধারা অব্যাহত রইল বিরাট কোহলির। প্রথমে জেমস অ্যান্ডারসনের সঙ্গে বাকযুদ্ধে জড়ানো, তারপর অতিরিক্ত আগ্রাসী হওয়ার চেষ্টায় দলকে বিপদে ফেললেন বিরাট কোহলি। যার ফলে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নেমে ভারতের স্বাধীনতা দিবসে টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে তিনটি মূল্যবান উইকেট তুলে নিয়ে ম্যাচ জমাল রুটের ইংল্যান্ড।
|
বিরাট বাকযুদ্ধ
দ্বাদশ ওভারে রোহিত শর্মা আউট হওয়ার পর ব্যাট করতে নামেন বিরাট কোহলি। গতকাল শেষ লগ্নে জসপ্রীত বুমরাহ জেমস অ্যান্ডারসনের শরীর লক্ষ্য করে লাগাতার বল করায় সায় ছিল অধিনায়ক বিরাট কোহলির। একটি বল জিমির হেলমেটেও লেগেছিল। এরপর ম্যাচের শেষে বুমরাহ ও অ্যান্ডারসনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আজ তারই রেশ ধরে অ্যান্ডারসন যখন নিজের নবম তথা ১৭তম ওভারে বল করছিলেন সেই ওভারের চতুর্থ বলে বিরাট অ্যান্ডারসনকে দেখান যে তিনি বল করার পরও উইকেটের উপর দিয়ে ফলো থ্রুতে বেশ কিছুক্ষণ চলাফেরা করছেন। সেই শুরু। যা অব্যাহত থাকে ওই ওভারের শেষ বল পর্যন্ত। একটি আপত্তিকর শব্দ জুড়ে বিরাট অ্যান্ডারসনকে বলেন, এটা তোমার বাড়ির উঠোন মনে করো না। এরপর অ্যান্ডারসনের বয়স নিয়েও কটাক্ষ করেন বিরাট। যদিও ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার তাতে কর্ণপাত করেননি।
|
ফাঁদে পা ভারত অধিনায়কের
এদিন মাঠে শুরু থেকেই আগ্রাসী মেজাজ বজায় রাখতে শুরু করেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারত সেই ফাঁদে পা দিয়েও ফেলে। বিরাট কোহলি যে ঢঙে এদিন আউট হলেন সুনীল গাভাসকরের কথায়, তা আগ্রাসী হতে যাওয়ারই ফল। ইংল্যান্ড সফরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-সহ তিনবার বিরাট কট বিহাইন্ড হলেন। এদিন আউট হলেন স্যাম কারানের বলে। গাভাসকার বলেন, বিরাট কোহলির ৮ হাজারের উপর টেস্ট রান রয়েছে। তবে সব সময় যে ইনটেন্টের কথা তিনি বলেন, তার চেয়েও বড় কথা হল রান করা। সব সময় আগ্রাসী হওয়ার কোনও দরকার নেই। বরং এতে দলের বিপদই বাড়ে।

ত্রুটি ধরলেন সানি
বিরাট কোহলি এদিন ৩১ বলে ২০ রান করেন। সানি বলেন, টেস্ট ক্রিকেটে রান করাটাই আসল। সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে টেস্টের ফারাক রয়েছে। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলির মতো ক্রিকেটারের হাতে প্রচুর শট রয়েছেন। কিন্তু তাঁদের শুরু থেকেই আগ্রাসী হওয়ার দরকার নেই। উইকেটে থিতু হলে পরে টিকে গেলে বড় রান করতে অসুবিধা হবে না। প্রথম ১০ রানের জন্য ৪০ বল লাগে তো লাগুক। পরে সেটা পুষিয়ে নেওয়া যাবে। টেস্টে যে বলটা খেলার সেটি খেলতে হবে, বল ছাড়ার ক্ষেত্রেও সতর্কতা দেখাতে হবে। বিরাটের পায়ের নড়াচড়াতেও সমস্যা চিহ্নিত করেছেন সানি। তিনি বলেন সচিন তেন্ডুলকর বা জো রুটরা যেভাবে গার্ড নিয়ে খেলেন এবং তাঁদের পায়ের নড়াচড়া সঠিক থাকাতেই সমস্যা হয় না। সচিনের তবু একটা সময় পিছন আর সামনের পায়ের দূরত্ব অনেকটা বেড়ে যাচ্ছিল। সেটা তিনি শুধরে নিয়েছিলেন।

ব্যর্থতা কাটাতে জরুরি
গাভাসকর বিরাটের ব্যর্থতা কাটানোর উপায় বাতলেছেন। তাঁর পরামর্শ, সচিনের মতো বিরাটকেও ব্যাকফুটে খেলা বা ফ্রন্টফুটে খেলার সতর্ক থাকতে হবে, দুই পায়ের পজিশনের যে দূরত্ব থাকছে সেটা কমাতে হবে। এদিন অফ স্টাম্পের বাইরের বল অকারণে খেলতে গিয়ে তিনি খোঁচা দিয়ে ফিরে আসেন। এই খামতি মেটানোর জন্য দরকার জন্য দরকার টেস্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলা। পরবর্তী সফরে যাঁরা নিয়মিত টেস্ট দলে থাকবেন তাঁরা যেন কোনওমতেই বিশ্রাম না নেন প্রস্তুতি ম্যাচে সে কথাই বলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। উল্লেখ্য, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাটিংয়ের ত্রুটিও ধরে দিয়ে সাফল্যের পথ দেখিয়েছিলেন গাভাসকর। বিরাট কতটা মানবেন, সেটাই বড় প্রশ্ন। চলতি বছরে বিরাট কোহলির ফর্ম যথেষ্টই খারাপ। সাতটি টেস্টে ১১টি ইনিংসে তিনি মাত্র ২৯১ রান করেছেন। সর্বাধিক ৭২। গড় ২৬.৪৫, স্ট্রাইক রেট ৪৩.৫৬। দুটি অর্ধশতরান। তিনবার আউট হয়েছেন শূন্য রানে।

ব্যর্থ ওপেনাররা
আজ দিনের দশম ওভারের দ্বিতীয় বলে দলের ১৮ রানের মাথায় আউট হন লোকেশ রাহুল। ৩০ বলে ৫ রান করে তিনি মার্ক উডের বলে কট বিহাইন্ড হন। ইংল্যান্ড প্রথম ইনিংসে এগিয়ে ছিল ২৭ রানে। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে সেই ২৭ রানেই। দ্বাদশ ওভারের তৃতীয় বলে রোহিত শর্মা ছক্কা মারার পর স্কোয়ার অঞ্চলে ফিল্ডার পাঠান রুট। কিন্তু সেই ওভারেই আরেকটি শর্ট পিচ বলে পুল শট মারতে গিয়ে বল ব্যাটের ঠিক জায়গায় না লাগায় ডিপ স্কোয়ার লেগে ক্যাচ চলে যায়। ৩৬ বলে ২১ রান করে ফেরেন রোহিত। এই নিয়ে ছয়বার তিনি হুক বা পুল শট খেলতে গিয়ে টেস্টে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। যা দেখে নেটাগরিকরা কটাক্ষ করছেন, রোহিত জানেনই না বাউন্সারে কীভাবে ডাক করতে হয়!












Click it and Unblock the Notifications