দ্বিতীয় টি২০ : শেষ ওভারের আগে বুমরাহকে কী 'ম্যাজিক' উপদেশ দিয়েছিলেন কোহলি?
বুমরাহকে কোহলি বলেছিলেন, তুমি যাতে দক্ষ তাই করার চেষ্টা কর । যদি ছয় হয়েও যায় তুমি পরের বারের জন্য শিক্ষা পাবে। এখানেই তো আর জীবনের শেষ হয়ে যাচ্ছে না।
নাগপুর, ৩০ জানুয়ারি : ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের সিরিজের প্রথমটায় হেরে যাওয়ায় কিছুটা অতিরিক্ত চাপ তো ছিলই ভারতীয় শিবিরে। দ্বিতীয় টি২০ ম্যাচটাও হাতের বাইরে চলে যেতে বসেছে বলেই মনে হচ্ছিল। ইংল্যান্ডের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন মাত্র ৮ রান। এমন দাঁতে দাঁত লেগে যাওয়া চরম চাপের মুহূর্তে জসপ্রীত বুমরাহর হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে এক লাইনের উপদেশ। ব্যস তাতেই কামাল।
বুমরাহ বল হাতে দক্ষ, তবে অভিজ্ঞতার অভাব। তাই চিন্তিত মুখেই শেষ ওভারে কীভাবে বল করবেন তার জন্য টিপস চেয়েছিলেন অধিনায়ক কোহলির কাছে। বুমরাহর কথায়, অধিনায়কের উপদেশই আমাকে ওই চাপের মুহূর্তেও নিজেকে স্থির রাখতে সাহায্য করে। কিন্তু ঠিক কী বলেছিলেন কোহলি বুমরাহকে?

ভারতের জয়ের পর কোহলি বলেন, "বুমরাহ আমাকে জিজ্ঞাসা করেছিল কীভাবে বল করবে ও। আমি শুধু বলেছিলাম, তুমি যাতে দক্ষ তাই করার চেষ্টা কর । যদি ছয় হয়েও যায় তুমি পরের বারের জন্য শিক্ষা পাবে। এখানেই তো আর জীবনের শেষ হয়ে যাচ্ছে না।" সেই ওভারে মাত্র ২ রান দিয়েছিলেন তরুণ বুমরাহ। শেষ ওভারে তার দুরন্ত বোলিংয়ের ফলে ৫ রানে জয় পায় ভারত
বুমরাহর কথায়, "অধিনায়কের বিশ্বাস সবসময় সাহায্য করে। আমি যা করতে চাই আমাকে তাই করার স্বাধীনতা দিয়েছিলেন অধিনায়ক। তাই আমি আমার দক্ষতাতেই ভরসা রেখেছিলাম।"
এদিনের ম্যান অফ দ্য ম্যাচ বুমরাহর কথায়, আমি উইকেটটা বোঝার চেষ্টা করেছিলাম। প্রথম ইনিংসে যা দেখেছি সেখান থেকে শেখার চেষ্টা করেছিলাম। এটা বড় মাঠ এবং মন্থর গতির। তাই লেন্থে বল করার চেষ্টা করেছি। এই পিচে স্লোয়ার কাজ করবে বুঝতে পেরেছিলাম।
এদিন বুমারাহর পাশাপাশি দারুণ বল করেছিলেন আশিস নেহরা। ২৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। নেহরার বুমরাহর প্রশংসা করে বলেন, এদিন শেষ ওভারে যেভাবে চাপ নিয়ে বল করল বুমরাহ তা সত্যিই প্রশংসা যোগ্য।












Click it and Unblock the Notifications