বিরাট ছুটিতে খোশমেজাজে, বিসিসিআইয়ের পদক্ষেপে উচ্ছ্বসিত কোহলি-ভক্তরা! সৌরভ-চেতনকে কর্মফল কটাক্ষ

বিরাট কোহলি আপাতত ছুটি কাটাচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকাকে নিয়ে। তবে বিদেশে নয়। গিয়েছেন উত্তরাখণ্ডে। নৈনিতালের নানা জায়গায় ভক্তদের নানা আবদার মেটাচ্ছেন। অটোগ্রাফ দিচ্ছেন, ছবি তুলছেন হাসিমুখেই। বিরাট কোহলির ভক্তরাও এখন খুব উচ্ছ্বসিত। একে কিং কোহলির ফর্মে ফেরা, আর একে একে বিসিসিআইয়ের নানা পদক্ষেপই তাঁদের খুশির বড় কারণ।

এক বছরেই পালাবদল

গত বছর টি ২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন, তিনি বিশ্বকাপের পর টি ২০ অধিনায়কত্ব ছাড়ছেন। যদিও এরপর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী তাঁর কাছ থেকে একদিনের অধিনায়কত্ব কেড়ে নেয়। যা মন থেকে মেনে নিতে পারেননি বিরাট। প্রকাশ্যে বিসিসিআইয়ের তৎকালীন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পিছপা হননি বিরাট। সৌরভ অবশ্য নিজে বেশি মুখ খোলেননি। তবে বোর্ড সভাপতির বিরুদ্ধে নজিরবিহীনভাবে সরব হয়েও বিরাটকে শাস্তির মুখে পড়তে হয়নি। যদিও চেতন শর্মা বিরাটের বক্তব্য খণ্ডন করতে সাংবাদিক বৈঠক করেছিলেন। পরবর্তীকালে দক্ষিণ আফ্রিকা সফরের পর বিরাট টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেন। বিরাটের প্রতি অবিচারের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তাঁর ভক্তরা। এখন তাঁরাই ফের উল্লাস প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়।

বিরাটের সুসময়

ইংল্যান্ড সফরের পর ছুটি কাটিয়ে মাঠে ফেরেন বিরাট কোহলি। এশিয়া কাপের দুরন্ত ছন্দে ছিলেন। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন একাধিক নজির গড়ে। এই এক বছরে পাল্টে গিয়েছে অনেক কিছুই। বোর্ড সভাপতি পদ থেকে সরে যেতে হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বোর্ড সভাপতি হয়েছেন রজার বিনি। গতকালই আবার চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ভেঙে দিয়ে নতুন পাঁচ নির্বাচক নেওয়ার আবেদনপত্র প্রকাশ করেছে বিসিসিআই।

চেতনকে কর্মফল কটাক্ষ

ভারতের টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার জেরে চেতন শর্মাদের সরিয়ে দিয়েছে বিসিসিআই। বিরাট নেতৃত্ব ছাড়ায় তিন ফরম্যাটের নেতা হয়েছিলেন রোহিত শর্মা। তিনি টি ২০ বিশ্বকাপে ফর্মে ছিলেন না। টি ২০ অধিনায়কত্ব রোহিতের কাছ থেকে কেড়ে নিয়ে হার্দিক পাণ্ডিয়াকে পাকাপাকিভাবে দেওয়া সময়ের অপেক্ষা। বিরাটের এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একেই বলে কর্মফল! আগের বছর যে দিনে বিরাটের থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়েছিলেন চেতন শর্মা, এবার সেই দিনে চেতন নিজেই ছাঁটাই! আরেক বিরাট ভক্ত লিখেছেন, সৌরভ চলে গিয়েছেন। চেতন গেলেন। এবার টি ২০ দল থেকে রোহিত শর্মাও বাদ পড়বেন। এমনই নানাবিধ কটাক্ষ-সহ মিম ভাইরাল হয়েছে গতকাল রাত থেকেই।

ছুটি কাটাচ্ছেন কিং কোহলি

বিরাট কোহলি অবশ্য রয়েছেন খোশমেজাজে। তিনি পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। টি ২০ বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরে বিমানবন্দরে ভক্তদের ছবি তোলার আবদার মিটিয়েছিলেন। উত্তরাখণ্ডে ছুটি কাটাতে গিয়েও তার ব্যতিক্রম হচ্ছে না। অনেকেই নৈনিতালে ঘোরার ফাঁকে বিরাটের সঙ্গে তোলা ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। বিরাট-অনুষ্কা ঘুরে এসেছেন নৈনিতালে কাকড়ি ঘাটে বাবা নিম কারাউলির আশ্রম থেকে। নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। তবে তিনি বাংলাদেশ সফরে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+