কোহলি’কে নেতৃত্ব থেকে সরানো নিয়ে বোর্ডের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন শৈশবের কোচ
বিরাট কোহলি'কে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়াটা এখনও মেনে নিতে পারছেন না তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। রোহিত শর্মা'কে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বের দায়িত্ব দিয়ে শুধুমাত্র টেস্ট দলের অধিনায়ক হিসেবে বিরাট'কে রেখে দেওয়ার এই সিদ্ধান্তে রাজকুমার বিস্মৃত।

একটি পো়ডকাস্টে তিনি বলেছেন, "বিরটকে সরানোর সিদ্ধান্তের নেপথ্যে কোনও কারণ দেখাতে পারেনি নির্বাচকমণ্ডলী। আমরা জানি না ম্যানেজমেন্ট, বিসিসিআই বা নির্বাচকমণ্ডলী কী চায়। এর পিছনে কোনও কারণ দেখানো হয়নি, এই সিদ্ধান্তের কোনও স্বচ্ছতা নেই।"
শিষ্যের পাশে দাঁড়িয়ে রাজকুমারের আরও সংযোজন,"একদিনের ক্রিকেটে সফল অধিনায়ক ছিল বিরাট। ওর বিরুদ্ধে যেটা ঘটেছে তা দুঃখজনক।" পাশাপাশি বিরাটের নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিসিআই সভাপতি তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য শুনেও নাকি অবাক হয়েছে রাজকুমার! শিষ্যস্নেহে 'অন্ধ' গুরু'র আরও সংযোজন, "আমি সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য পড়েছি। বিসিসিআই নাকি ওকে টি-২০ দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিল। আমার তো সে'রকম কিছু মনে পড়ছে না। আমি অবাকই হয়েছি ওই মন্তব্য পড়ে।"
যদিও বিসিসিআই অধিনায়কের পদ থেকে বিরাট'কে সরিয়ে দেওয়ার পর এখনও তাঁর সঙ্গে কথা হয়নি রাজকুমারের। তাঁর কথায়, "বিসিসিআই-এর সিদ্ধান্ত সামনে আসার পর ওর সঙ্গে আমার এখনও কথা হয়নি। বেশ কিছু কারণে ওর ফোন বন্ধ রয়েছে। তবে এই বিষয়ে আমার মতামত চাইলে বলব, বিরাট স্পষ্টভাবে বলেছিল টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়বে। নির্বাচকরা চাইলে ওকে সোজাসুজি বলতে পারত হোয়াইট বল ক্রিকেটের দুই ফর্ম্যাট থেকেই সরে দাঁড়ানোর জন্য।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার দিনই বিরাট কোহলি'র নাম না করেই বিসিসিআই স্পষ্ট কথায় জানিয়ে দেয় আগামী সিরিজ থেকে টি-২০ এবং ওডিআই ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবে রোহিত শর্মা। তবে, টেস্ট ক্রিকেটে বিরাট'কেই অধিনায়ক রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে জল্পনা চলছিল। যার নিস্পত্তি করে দিয়েছে বোর্ড।
বিরাট কোহলি'র অধিনায়কত্বে একাধিক দ্বি-পাক্ষিক সিরিজ জিতলেও বড় মঞ্চে ব্যর্থতাই সঙ্গী থেকেছে ভারতের। আইসিসি ইভেন্টে কখনও দেশকে সাফল্য দিতে পারেননি বিরাট। তাঁর নেতৃত্বে চোকার্স তকমা নিয়ে আইসিসি ইভেন্ট থেকে বারবার ফিরতে হয়েছে ভারত'কে। এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কোহলি। নেতৃত্ব থেকে বরখাস্তের পর এখনও তাঁর কাছ থেকে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications