IPL 2022: বিরাট দুঃসময়ে লজ্জার নজির অভিশপ্ত ২৩ এপ্রিলে! এক বলের খরিদ্দার কোহলিকে নিয়ে কটাক্ষ
আইপিএলে বিরাট কোহলির দুঃসময় অব্যাহত। ২০১৬ সালের আইপিএলে চারটি শতরানকারী, আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের মালিক, প্রাক্তন ভারত অধিনায়ক আজ মাঠ ছাড়লেন আইপিএলে পঞ্চম গোল্ডেন ডাক সঙ্গী করে। এই নিয়ে টানা দুটি ম্যাচে বিরাট প্রথম বলেই আউট হলেন। আজ তিনি মার্কো জানসেনের শিকার। বিরাট উইকেট তোলার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা নিলেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনও।

বিরাট ব্যর্থতা
চলতি আইপিএলে যখন জস বাটলার তিনটি শতরান করে বিরাট কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, তখন একেবারেই ছন্দহীন কোহলি। ২০০৮ সালে বিরাট কোহলি প্রথমবার আইপিএলে প্রথম বলেই আউট হয়েছিলেন। বেঙ্গালুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, বোলার ছিলেন আশিস নেহরা। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে সেই বেঙ্গালুরুতেই গোল্ডেন ডাক নিশ্চিত হয় কোহলির। সেবার বিরাটের উইকেটটি দখল করেন সন্দীপ শর্মা। ২০১৭ সালে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হন বিরাট। কাকতালীয়ভাবে সেদিনও ছিল আজকের মতোই ২৩ এপ্রিল। সেদিন নাথান কুল্টার-নাইল বিরাটকে আউট করেন, আরসিবি গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৯ রানে।
|
গোল্ডেন ডাকের লজ্জা
এর পাঁচ বছর পর ফের এবারের আইপিএলে পরপর দুই ম্যাচে জোড়া গোল্ডেন ডাক বিরাট কোহলির পাশে। ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দুষ্মন্ত চামিরার প্রথম বলেই আউট হয়েছিলেন বিরাট। আজ মার্কো জানসেনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে তিনি ফিরলেন ফাফ দু প্লেসি আউট হওয়ার পরের বলটিতেই। বেশ কয়েক বছর ধরে জানসেন ভোগাচ্ছেন কোহলিকে। এদিন তিনি টি ২০ ফরম্যাটে প্রথমবার বিরাটের উইকেট পেলেন। কোহলি নামতেই দ্বিতীয় স্লিপ রাখেন উইলিয়ামসন। তাতেই বাজিমাত। দুর্দান্ত সিম পজিশন, অনবদ্য লাইন-লেংথে জানসেনের দুরন্ত ডেলিভারি বিরাটের ব্যাট ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে। বিরাট কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন। হতাশার অভিব্যক্তি নিয়ে কোনওরকমে এরপর হাঁটা শুরু করেন সাজঘরের দিকে। এই ওভারে অনুজ রাওয়াতকেও আউট করেন জানসেন।
|
শূন্যের রেকর্ড দখলের পথে?
বিরাট কোহলি এই নিয়ে আটবার আইপিএলে শূন্য রানে আউট হলেন। তার মধ্যে পাঁচটি গোল্ডেন ডাক। আইপিএলে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন রোহিত শর্মা (১৪ বার)। ১৩ বার করে শূন্যে আউট হয়েছেন দীনেশ কার্তিক (আজ শূন্য রান করেছেন), পীযূষ চাওলা, হরভজন সিং, মনদীপ সিং, পার্থিব প্যাটেল, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ুডু। মণীশ পাণ্ডে ও গৌতম গম্ভীর দুজনেই ১২ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েল ১১ বার করে এবং অমিত মিশ্র, সুনীল নারিন, এবি ডি ভিলিয়ার্স ও শিখর ধাওয়ান ১০ বার করে শূন্য করেছেন আইপিএলে।
|
তীব্র কটাক্ষ
২১৫টি আইপিএল ম্যাচে বিরাট কোহলির ৬৪০২ রান রয়েছে, ৫টি শতরান ও ৪২টি অর্ধশতরান-সহ। গত মরশুমেও তিনটি অর্ধশতরান করেছিলেন। এবার তা এখনও অধরা। এবার ৮টি ম্যাচে বিরাট ১১৯ রান করেছেন। সর্বাধিক ৪৮, গড় নেমে গিয়েছে ১৭-তে। ৮টি ম্যাচে তিনি মোট ৯৭টি বল খেলেছেন। স্ট্রাইক রেট ১২২.৬৮। ৯টি চার ও ২টি ছয় দেখা গিয়েছে বিরাটের ব্যাট থেকে। তাঁর এই খারাপ ফর্মে হতাশ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হচ্ছেন প্রাক্তন ভারত তথা আরসিবি অধিনায়ক। গতকাল ঋষভ পন্থ যেভাবে দলকে মাঠ থেকে ডেকে তুলে নিচ্ছিলেন, সেই ছবি দিয়ে কোহলিকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনা হয়েছে অনুষ্কা শর্মাকেও।












Click it and Unblock the Notifications