লিডস টেস্টে হারের পরও দল গঠন নিয়ে মনোভাবে অনড় ভারত অধিনায়ক বিরাট

লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে যাওয়ার পর লিডসে ইনিংস ও ৭৬ রানে হেরে গিয়েছে বিরাট কোহলির ভারত। আগের অনেক সিরিজের মতো এবারও হেরে ফিরতে হবে না তো সিরিজ? এই প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। ইংল্যান্ডের পিচে ভারতীয়দের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন উঠছ। দুই দলের বোলারদের পারফরম্যান্সও ফারাক গড়ে দিয়েছে। প্রথম দিনের মতো চতুর্থ দিনেও ভারত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। তবু দলের কম্বিনেশন নিয়ে অনড় মনোভাব অধিনায়ক বিরাট কোহলির। জল্পনা চলছে, ভারত চার পেসারে নামলে শার্দুল ঠাকুর আসতে পারেন ইশান্ত শর্মার জায়গায়। রবিচন্দ্রন অশ্বিনও দলে আসতে পারেন। দুই স্পিনার নিয়ে ভারত খেললে জাদেজা জায়গা ধরে রাখতে পারবেন।

হারের কারণ

হারের কারণ

৭৮ রানে অল আউট হওয়ার পর প্রতিপক্ষ ৩৫৪ রানের লিড নেওয়ায় স্কোরবোর্ড প্রেসারকেই লিডসে পরাজয়ের জন্য দায়ী করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, এই পরিস্থিতিতেও গতকাল আমরা ভালো খেলে ম্যাচে ছিলাম। যতটা সম্ভব ফাইটব্যাক করা দরকার ছিল সাধ্যমতো সেটা করেছি। এতে আমাদের আরও ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু আজ সকালে ইংল্যান্ড বোলাররা যে চাপ বজায় রেখে গিয়েছেন তা আউটস্ট্যান্ডিং। তাঁরা তাঁদের কাঙ্ক্ষিত ফলও পেয়েছেন। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়কে উদ্ভট আখ্যা দিয়ে বিরাট বলেন, এই দেশে এমন ব্যাটিং বিপর্যয় অবশ্য হয়েই থাকে। গতকালের পরও মনে হচ্ছিল পিচ ব্যাটিংয়ের পক্ষে ভালো। বল ভালো ব্যাটে আসছিল। কিন্তু যে শৃঙ্খলা বজায় রেখেছেন ইংল্যান্ডের বোলাররা, তাতেই আমরা ভুল করতে বাধ্য হয়েছিল। প্রবল চাপও ছিল। যখন রান আসে না তখন ব্যাটিং অর্ডারের ভেঙে পড়াও অস্বাভাবিক নয়। টস জিতে ব্যাটিং নিয়ে তিনি কোনও ভুল করেননি দাবি করে বিরাট বলেন, পিচ ব্যাটিং সহায়কই ছিল। আমরা ভালো বোলিং করতে না পারায় ইংল্যান্ডের ব্যাটিং করা সহজ হয়ে যায়। এই ম্যাচের ফলাফলেই পরিষ্কার দুই দল কেমন খেলেছে। আমরা ভেবেওছিলাম ইংল্যান্ড প্রত্যাঘাত করবে।

মিডল অর্ডার নিয়ে উদ্বেগ

মিডল অর্ডার নিয়ে ভারতের দুশ্চিন্তা কাটল না লিডসেও। বিরাট বলেন, ব্যাটিং গভীরতা নিয়ে চর্চা চলতেই পারে। তবে লোয়ার মিডল অর্ডারের চেয়েও টপ অর্ডার থেকে রান আসা জরুরি। সেটা হলে লোয়ার অর্ডার সেই রান বাড়িয়ে নিয়ে যেতে পারে। সব টেস্টেই লোয়ার মিডল অর্ডার সামাল দেবে এটা হয় না। আগের দুটি ম্যাচে আমাদের নীচের দিকের ব্যাটসম্যানরা ভালোই খেলেছেন। এরকম ম্যাচের পর খুব বেশি পজিটিভ সংগ্রহ করা না গেলেও দ্বিতীয় ইনিংসে আমরা গতকাল যা খেলেছি তাতে আশা করাই যায় পরের দুটি টেস্টে ভালো পারফর্ম করার ব্যাপারে। আমাদের আরও আত্নবিশ্বাসী থাকতে হবে। অস্ট্রেলিয়াতে ৩৬ রানে অল আউট হওয়ার পরও আমাদের দল ঘুরে দাঁড়িয়েছিল। যে ভুলগুলি হয়েছে সেগুলি শুধরে নিতে হবে। তাতেই দলের খেলার মান উন্নত হবে বলে বিশ্বাস ভারত অধিনায়কের। ইংল্যান্ডে চার পেসার, এক স্পিনারের কম্বিনেশন থেকেও সরার ইঙ্গিত দেননি বিরাট।

ছয় ব্যাটসম্যান নয়

ছয় ব্যাটসম্যান নয়

প্রথম ইনিংসে ৭৬ রানে অল আউটের পর আজ ৬৩ রানে ৮ উইকেট পড়েছে। এই অবস্থায় ওভালে পরের টেস্টে ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে নামার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি এই ব্যালান্সে বিশ্বাসী নই। কখনই এই ভারসাম্যে আমি বিশ্বাস রাখিনি। হয় আমাদের হার বাঁচাতে হবে, নয়তো জেতার জন্য ঝাঁপাতে হবে। আগেও আমরা এই সংখ্যক ব্যাটসম্যান নিয়েই ড্র করেছি। যদি প্রথম ছয় বা সাতজন ব্যাটসম্যান নিজেদের কাজ সঠিকভাবে না করতে পারেন, তাহলে অতিরিক্ত ব্যাটসম্যান খেলিয়েও পরিত্রাণের রাস্তা মিলবে না। দলের প্রতি অবদান রেখে গর্বিত হতে হবে, দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে তা পালন করতে হবে। যদি দুই ইনিংসে ২০ উইকেট তুলে নেওয়ার মতো শক্তি না থাকে তাহলে টেস্টে দুরকম ফলাফলই হওয়া সম্ভব। যেটা আমরা চাই না। অর্থাৎ ভারত অধিনায়ক বুঝিয়ে দিলেন, জয়ের লক্ষ্যেই বোলার কমিয়ে ব্যাটসম্যান নেওয়ার পক্ষপাতী তিনি নন।

বোলিং কম্বিনেশন নিয়ে কাটাছেঁড়া

বোলিং কম্বিনেশন নিয়ে কাটাছেঁড়া

মহেন্দ্র সিং ধোনি স্টুয়ার্ট বিনিকে পঞ্চম বোলার হিসেবে ব্যবহার করেছেন অধিনায়ক হিসেবে নিজের শেষ সফরে। বিরাট কোহলি একইভাবে আস্থা রাখতেন হার্দিক পাণ্ডিয়ার উপর। কিন্তু তাঁর চোট সমস্যা তৈরি করে দিয়েছে। বিরাট চার বোলার নিয়ে ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়ায় সিরিজও জিতেছিলেন। গত বছরও সেই কম্বিনেশনেই শুরু করেন। পরের টেস্টগুলিতে অজিঙ্ক রাহানে আবার পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে নামেন। রবীন্দ্র জাদেজা অবশ্য অ্যাডিলেড টেস্টে ফিট ছিলেন না। ওভালের পিচ স্পিনারদের সাহায্য করে। যদিও বিরাট কোহলি বলেছেন, ইংল্যান্ডের আবহাওয়া সম্পর্কে আগাম নিশ্চয়তা না পাওয়া গেলেও উইকেট দেখেই বোলিং কম্বিনেশন চূড়ান্ত করবেন। এখন প্রশ্ন হল, তিন পেসার দুই স্পিনারে কি নামবে ভারত? ওভালে রবিচন্দ্রন অশ্বিনের দলে ফেরা কার্যত নিশ্চিত। ভারত দুই স্পিনারে গেলে জাদেজা থাকবেন, বাদ পড়ার সম্ভাবনা বেশি ইশান্ত শর্মার। ইশান্তের চোট আছে কিনা সে সম্পর্কে বিরাট খোলসা না করলেও ওভালে যে ভারতের নতুন বোলিং কম্বিনেশন দেখা যাবে সেই ইঙ্গিত মিলেছে ভারত অধিনায়কের কথাতেই। ওভাল টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার থেকে। ভারতের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভিভিএস লক্ষ্মণও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+