ওভালে ব্যর্থ ভারতের প্রথম তিন! সচিন-দ্রাবিড়দের পিছনে ফেলে নতুন রেকর্ড বিরাট কোহলির
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজের চতুর্থ টেস্ট চলছে ওভালে। টস হেরে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন। ধস সামাল দেওয়ার চেষ্টা করছেন অধিনায়ক বিরাট কোহলি, দৃষ্টিনন্দন শটও দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। এদিনই ওভালে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের পিছনে ফেলে বিশ্ব ক্রিকেটে দ্রুততম হিসেবে ২৩ হাজার রান পূর্ণ করেছেন বিরাট।

ওভাল টেস্ট বিরাট কোহলির ৪৪০তম আন্তর্জাতিক ম্যাচ। ৪৯০তম ইনিংসে জেমস অ্যান্ডারসনের বলকে অবলীলায় বাউন্ডারিতে পাঠিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূর্ণ করেন বিরাট। তাঁর টেস্ট কেরিয়ারে সর্বাধিক রান অপরাজিত ২৫৪। আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান ও ১১৬টি অর্ধশতরান রয়েছে বিরাটের। ২৯ বার শূন্য রানে আউট হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার নিরিখে ভারত অধিনায়ক রয়েছেন সাত নম্বরে। ৬৬৪টি ম্যাচে ৭৮২টি ইনিংসে ১০০টি শতরান ও ১৬৪টি অর্ধশতরান-সহ সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৪৩৫৭ রান রয়েছে। এরপর রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারা (২৮০১৬), অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (২৭৪৮৩), শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে (২৫৯৫৭), দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক জ্যাক কালিস (২৫৫৩৪) এবং প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় (২৪২০৮)। তিন ফরম্যাটেই বিরাটের গড় ৫০-এর উপর। টেস্টে ২৭টি ও একদিনের আন্তর্জাতিকে ৪৩টি শতরান রয়েছে।

ওভাল টেস্টে ভারত এখন বড় রান তুলতে তাকিয়ে বিরাট কোহলির দিকেই। ওভাল টেস্টে মেঘলা আবহাওয়া দেখে টস জিতে ফিল্ডিং নিতে দ্বিধা করেননি জো রুট। বিরাট কোহলি বলেছিলেন, টস জিতলে আমিও ফিল্ডিংই নিতাম। তবে আপাতত বড় রান তোলাই লক্ষ্য। কিন্তু ভারতের পরিকল্পনা ধাক্কা খায় প্রথম তিন ব্যাটসম্যানের ব্যর্থতায়। প্রথম ঘণ্টায় শুধু রোহিত শর্মার উইকেটই পড়েছিল। ম্যাচের নবম ওভারের শেষ বলে দলের ২৮ রানের মাথায় ২৭ বলে ১১ করে কট বিহাইন্ড হন রোহিত। জলপানের বিরতির পর ৩৫ বলের ব্যবধানে লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারাও আউট হয়ে যান। তিনটি চারের সাহায্যে ৪৪ বলে ১৭ করে অলি রবিনসনের বলে লেগ বিফোর হন রাহুল। ২৮ রানে দুই উইকেট পড়ে ভারতের। এরপর দলের ৩৯ রানের মাথায় জেমস অ্যান্ডারসনের দারুণ ডেলিভারি ফেরায় চেতেশ্বর পূজারাকে। ৩১ বল খেলে ব্যক্তিগত ৪ রানে কট বিহাইন্ড হন পূজারা।

সকলকে খানিকটা অবাক করেই অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থের থেকে এগিয়ে দিয়ে পাঁচে ব্যাট করতে পাঠানো হয় রবীন্দ্র জাদেজাকে। তাঁকে তড়িঘড়ি মাঠে ঢুকতে দেখা যায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২৫ ওভারে তিন উইকেটে ৫৪। তিনটি চারের সাহায্যে ২৯ বলে ১৮ করে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। ১৯ বলে ২ রান করে ক্রিজে জাদেজা। বিরাট কোহলি ইংল্যান্ডের মাটিতে দেশকে দশম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন। ভারতের বাইরে কোনও দেশে এত বেশি টেস্টে আর কোনও ভারতীয় নেতৃত্ব দেননি। মহেন্দ্র সিং ধোনি ইংল্যান্ডেই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ৯টি টেস্টে। বিরাট কোহলি বিদেশের মাটিতে শেষবার টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২০১৮ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে দলকে জিতিয়ে। বিদেশে টেস্টে তিনি এর আগে ম্যাচের সেরা হয়েছেন শুধু জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৩ সালে। ওভালে তিনি অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটা বলবে সময়।












Click it and Unblock the Notifications