পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি, দিলেন বড় সার্টিফিকেট
পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি, দিলেন বড় সার্টিফিকেট
অনুজের প্রশংসায় অগ্রজের প্রশংসা শোনা গেল এশিয়া কাপে। যদিও অনুজ এবং অগ্রজ একই দেশের না হলেও উভয়ের পারস্পারিক সম্পর্ক এবং একে অপরের প্রতি সম্মান নজরকাড়ে ক্রিকেট মহলে। এখানে কথা হচ্ছে বিরাট কোহলি এবং বাবর আজমকে নিয়ে। বিরাটের প্রতি বারবার বাবর সম্মান প্রদর্শন করেছেন। পাকিস্তানের সমর্থকেরা তাঁর সঙ্গে বিরাটের তুলনা তুলে আনলেও বাবর কখন তাকে আমল দেননি। বিরাট কোহলির খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন পাক অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর-এর ম্যাচে ভারতীয় দলের হারের পর সাংবাদিক সম্মেলনে এসে বাবর আজমের প্রশংসা করলেন বিরাট কোহলি।

সব সময়ে শেখার চেষ্টা করে বাবর:
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রশংসা করে বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে বলেছেন, "বাবর দারুণ মানুষ। ওর সঙ্গে যখন কথা হয় বেশ ভাল লাগে, বেশ ভাল কথা হয় নিজেদের মধ্যে। আমাদের উভয়ের মধ্যেই একে অপরের প্রতি সম্মান থাকে। সব সময়ে শেখার চেষ্টা করে ও। ২০১৯ বিশ্বকাপে আমাদের ম্যাচের পর ও আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি সব সময়েই বলেছি ও শেখার জন্য মুখিয়ে থাকে। অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ক্রিকেটার ও।"

পাকিস্তানের ক্রিকেটারদেরর সঙ্গে দেখা হলে ভাল লাগে:
রাজনৈতিক এবং একাধিক নানাবিধ কারণে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ এক যুগের উপর। আইসিসি এবং এসিসি'র ইভেন্টেই এই দুই দেশ একে অপরের মুখোমুখি হয়। তবে, প্রতিবেশী দেশটির ক্রিকেটারদের সঙ্গে যখন দেখা হয় তখন বেশ ভাল লাগে জানিয়েছেন বিরাট। তিনি বলেছেন, "সব সময়েই ভাল লাগে ওর (বাবরের) সঙ্গে দেখা করে এবং পাকিস্তানের অনান্য ক্রিকেটারের সঙ্গে দেখা হলে। ওরা প্রত্যেকেই বন্ধুত্বপরায়ন এবং দারুণ ভাবে মেশে আমাদের সঙ্গে। উভয় দলের মধ্যেই একে অপরের প্রতি পারস্পারিক সম্মান রয়েছে। আমরা মাঠের মধ্যে মারাত্মক প্রতিদ্বন্দ্বী হলেও একে অপরের প্রতি সমান সম্মানজনক।"

এশিয়া কাপে অফ ফর্মে বাবর:
বিশ্বের সেরা ক্রিকেটার হলেও এশিয়া কাপে চেনা ছন্দে এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি বাবর আজম। ভারতের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ১০ এবং হংকং-এর বিরুদ্ধে ৯ রান করেন বাবর। সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ১৪ রানে আউট হন তিনি। সুপার ফোরে পাকিস্তানের পরবর্তী দু'টি ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। এ বার দেখার এই দুই ম্যাচে রানে ফিরতে পারেন কি না পাক অধিনায়ক।

রানের ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি:
দীর্ঘ দিন ফর্ম হাতরে বেড়ানো বিরাট কোহলি বিশ্বকাপের আগে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এখনও পর্যন্ত এশিয়া কাপে বিরাটের পারফরম্যান্সকে যদি দেখা যায় তা হলে এ কথা বলা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে ৩৫ রান করেন বিরাট। হংকং-এর বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস।












Click it and Unblock the Notifications