অ্যাডিলেডের কিং কোহলি! টি ২০ বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে বিরাট টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে
বিরাট কোহলি চলতি টি ২০ বিশ্বকাপেও দুরন্ত ফর্মে। অস্ট্রলিয়ায় খেলতে পছন্দ করেন। অ্যাডিলেড ওভালে তাঁর ঈর্ষণীয় রেকর্ড। আজ বাংলাদেশ ম্যাচ নিয়ে দুটি টি ২০ আন্তর্জাতিকের দুটিতেই অর্ধশতরান হাঁকালেন। তারই ফাঁকে গড়ে ফেললেন একাধিক নজির। এমনকী টপকে গেলেন অস্ট্রেলিয়ায় গড়া সচিন তেন্ডুলকরের কীর্তিও।

বিরাট টপকালেন সচিনকে
বাংলাদেশের বিরুদ্ধে আজ বিরাট আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। চলতি টি ২০ বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় অর্ধশতরান। এই ইনিংস খেলার ফাঁকেই তিনি টপকে গেলেন সচিনের রেকর্ডকে। ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক রানের নজির এখন কিং কোহলির দখলে। সচিন অস্ট্রেলিয়ায় ৮৪টি ইনিংস খেলে ৩৩০০ রান করেছিলেন। আপাতত ৬৮টি ইনিংসে বিরাট অজিভূমে ৩৩৫০ রান করে ফেললেন।

জয়বর্ধনের বিশ্বরেকর্ড দখলে নিলেন কোহলি
এদিনের ইনিংস খেলার ফাঁকে বিরাট ভেঙে দিয়েছেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড। টি ২০ বিশ্বকাপে এতদিন সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল জয়বর্ধনের দখলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে কিং কোহলি বিশ্বের দ্বিতীয় তথা প্রথম ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। আজ জয়বর্ধনের রান টপকে গেলেন কেরিয়ারের ৩৬তম টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকিয়ে। টি ২০ বিশ্বকাপের ৩১টি ম্যাচে জয়বর্ধনের মোট রান ১০১৬। বিরাট কোহলি আজ টি ২০ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলছেন, ২৩টি ইনিংসে তাঁর রান ১০৬৫। টি ২০ বিশ্বকাপে বিরাটের সর্বাধিক স্কোর অপরাজিত ৮৯। গড় ৮৮.৭৫, স্ট্রাইক রেট ১৩২.৪৬। ১৩টি অর্ধশতরান রয়েছে।

চলতি টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান
চলতি টি ২০ বিশ্বকাপে বিরাট এখনও অবধি সবচেয়ে বেশি রান করার নজির গড়ে ফেলেছেন। ৪ ম্যাচে এখনও অবধি তাঁর সংগ্রহ ২২০ রান। বিরাট পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৬২। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ১২ রান করে আউট করেন। তারপর আজ ফের হাতে দলের পরিত্রাতা হলেন কিং কোহলি।

আরও নজিরের হাতছানি
টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। চলতি টি ২০ বিশ্বকাপে তিনি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁয়ে ফেলতে পারেন টি ২০ আন্তর্জাতিকে চার হাজার রানের মাইলস্টোন। বিরাট ১১৩টি টি ২০ আন্তর্জাতিকে ১০৫টি ইনিংসে ৩৯৩২ রান করেছেন। গড় ৫৩.১৩, স্ট্রাইক রেট ১৩৮.৪৫। একটি শতরান ও ৩৬টি অর্ধশতরান রয়েছে। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে বিরাটের পরেই রয়েছেন রোহিত, তিনি ১৪৬টি ম্যাচে চারটি শতরান ও ২৯টি অর্ধশতরান-সহ ৩৮১১ রান করেছেন।












Click it and Unblock the Notifications