আমেদাবাদে টেস্ট শতরানের খরা মেটানোর পথে বিরাট কোহলি, কাদের বিরুদ্ধে রয়েছে কটি সেঞ্চুরি?
আমেদাবাদ টেস্টে চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৬২। বিরাট কোহলি ৮৮ রানে অপরাজিত।
আমেদাবাদ টেস্টে শতরানের খরা মেটানোর পথে বিরাট কোহলি। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট শতরানটি পেয়েছিলেন। আজ ১২ রান করলেই টেস্ট শতরানের দীর্ঘ খরা মিটিয়ে ফেলবেন। চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৬২ রান। ২২০ বলে ৮৮ রানে অপরাজিত কোহলি।

অস্ট্রেলিয়াকে জবাব ভারতের
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের জবাবে গতকাল তৃতীয় দিনের শেষে ভারত তুলেছিল ৯৯ ওভারে ৩ উইকেটে ২৮৯। প্রথম সেশনে আজ ৩২ ওভার খেলা হয়েছে, যার মধ্যে ভারত ৭৩ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৪ বলে ২৮ রান করে রবীন্দ্র জাদেজা টড মার্ফির বলে খারাপ শট খেলে উসমান খোয়াজার হাতে ক্যাচ দেন। ভারতের চতুর্থ উইকেট পড়েছিল ১০৭ ওভারে ৩০৯ রান। তারপর আরও ২৪ ওভার কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি ও শ্রীকার ভরত। তবে অস্ট্রেলিয়ার স্পিনাররা ভারতকে দ্রুতগতিতে রান তুলতে দেননি।

শতরান থেকে ১২ রান দূরে কোহলি
বিরাট ২২০ বলে যে ৮৮ রানে অপরাজিত রয়েছেন তার মধ্যে রয়েছে মাত্র পাঁচটি বাউন্ডারি। ভরত ৭০ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন, তিনি একটি চার ও একটি ছয় মেরেছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ভারত পিছিয়ে ১১৮ রানে। অঘটন না ঘটলে এই টেস্টটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। সেক্ষেত্রে ভারত ২-১ ব্যবধানেই সিরিজ জিতবে। অপরদিকে কাল শ্রীলঙ্কাকে যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় বা টেস্ট ড্র হয় তাহলে কালই রোহিত শর্মার দল পেয়ে যাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ছাড়পত্র। ক্রাইস্টচার্চ টেস্টে ২৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড ১ উইকেটে ২৮ রান তুলেছে। কিউয়িদের জিততে দরকার ২৫৭ রান। তবে শ্রীলঙ্কা জিতে গেলে ভারতের উপর চাপ বাড়বে।

২০১৯ সালের পর ফের টেস্ট সেঞ্চুরি পাবেন?
বিরাট কোহলি অবশ্য কিছুটা স্বস্তি পেতে চলেছেন। তিনি ২০১৯ সালের পর থেকে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। তিন বছরের শতরানের খরা গত বছর এশিয়া কাপে মেটান বিরাট। কিন্তু টেস্ট শতরানটি আসেনি আমেদাবাদের আগে পর্যন্ত। যেভাবে কোহলি খেলছেন তাতে শতরান আসা অসম্ভব নয়। বিরাট আজ শতরান করলে সেটি হবে টেস্টে তাঁর ২৮তম শতরান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অষ্টম টেস্ট শতরান হাঁকানোর হাতছানি রয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সর্বাধিক
অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলি ৬টি টেস্ট শতরান করেছেন। দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে কোহলির একমাত্র টেস্ট শতরানটি এসেছিল ২০১৩ সালে চেন্নাইয়ে প্রথম ইনিংসে। সেবার বিরাট ২০৬ বলে ১০৭ রান করেছিলেন। ২০১৮ সালে পারথ টেস্টে ১২৩ রান করেছিলেন। তারপর আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান পাননি। বিরাট শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি করে এবং নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রয়েছে দুটি করে শতরান।












Click it and Unblock the Notifications