বিরাট কোহলি পয়া ইন্দোরে শুরু করে দিলেন অনুশীলন, ছুঁতে চলেছেন রাহুল দ্রাবিড়ের নজির
ইন্দোরে বুধবার থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু। বিরাট কোহলি আজই নেমে পড়লেন অনুশীলনে। একটি ক্যাচ ধরলেই ছুঁয়ে ফেলবেন রাহুল দ্রাবিড়ের নজির।
বুধবার থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুরু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। দুই দলই ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। কাল থেকে শুরু হবে জোরদার প্রস্তুতি। তবে বিরাট কোহলি আজ থেকেই নেমে পড়লেন কঠোর অনুশীলনে। ২০১৯ সালের পর থেকে টেস্ট শতরান পাননি। পয়া ইন্দোরেই সেই খরা মেটাতে দৃঢ়প্রতিজ্ঞ প্রাক্তন ভারত অধিনায়ক।

বিরাট শুরু করলেন মহড়া
রোহিত শর্মা-সহ অনেকেই কাল থেকে নেট প্র্যাকটিস শুরু করবেন। যদিও আজ বিরাট ছাড়াও অনুশীলন করলেন রবীন্দ্র জাদেজা, শ্রীকার ভরতের মতো প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা। বিরাট কোহলি ইন্দোরে খেলবেন কেরিয়ারের ৪৯৩তম আন্তর্জাতিক ম্যাচ। আর একটি ক্যাচ ধরলেই তিনি নাম লিখিয়ে ফেলবেন এলিট লিস্টে। সেটি হবে বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ক্যাচ। ভারতের একমাত্র রাহুল দ্রাবিড়ই এই মাইলস্টোন স্পর্শ করেছেন। দ্রাবিড় ৫০৯টি ম্যাচে ৫৭১ ইনিংসে নিয়েছেন ৩৩৪টি ক্যাচ।

ফিল্ডিংয়ের এলিট লিস্টে
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার তালিকায় কোহলি রয়েছেন সাত নম্বরে। সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, ৬৫২টি ম্যাচে ৪৪০টি। এরপর রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং (৩৬৪), রস টেলর (৩৫১), জাক কালিস (৩৩৮), রাহুল দ্রাবিড় (৩৩৪), স্টিফেন ফ্লেমিং (৩০৬)।

তিন থেকে একে?
ইন্দোরে টেস্টে সবচেয়ে বেশি রান করার নজিরটিও এবার বিরাট গড়ে ফেলতে পারেন। হোলকার স্টে়ডিয়ামে দুটি টেস্ট হয়েছে। অজিঙ্ক রাহানে তিনটি ইনিংসে সর্বাধিক ২৯৭ রান করেছেন। তাঁর একটি করে শতরান অর্ধশতরান রয়েছে। রাহানের পরেই রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। তিনি ১টি টেস্টই খেলেছেন, একটি শতরান-সহ ২৪৩ রান করেছেন। সেটাই তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর। বিরাট কোহলির রয়েছে ২২৮ রান, তিনিও একটি শতরান পেয়েছেন। ফলে এবার সফল হলে বিরাট হোলকার স্টেডিয়ামে সর্বাধিক টেস্ট রান করার নজিরটি নিজের দখলে নেবেন।

ভারতের ট্র্যাক রেকর্ড
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত কখনও টেস্টে হারেনি। ২০১৬ সালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৩২১ রানে। সেই ম্য়াচে বিরাট ২১১ ও রাহানে ১৮৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১০১ রান করে অপরাজিত ছিলেন চেতেশ্বর পূজারা। রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ৭ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। ২০১৯ সালে বাংলাদেশকে এখানে ইনিংস ও ১৩০ রানে হারায় ভারত। সেই টেস্টে বিরাট ২ বল খেলে ০ রানেই সাজঘরে ফেরেন। সেই টেস্টে ময়াঙ্ক আগরওয়াল ২৪৩ রান করেন, রাহানে করেছিলেন ৮৬। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ৬০ রানে। এবার বিরাট হোলকার স্টেডিয়ামে ফের শতরান বা দ্বিশতরান হাঁকান কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications