লয়েডকে টপকে টেস্টে নজির গড়ার অপেক্ষায় বিরাট, বীরুর থেকে ৫ রান দূরে রুট
লয়েডকে টপকে টেস্টে নজির গড়ার অপেক্ষায় বিরাট, কী বলছে পরিসংখ্যান
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বিরাট কোহলির কাছ থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ প্রায় দেড় বছরের সেঞ্চুরি খরা কাটাতে ভারত অধিনায়ক এই ম্যাচ কী খেল দেখান, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব। একই প্রেক্ষাপটে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েডকে টপকে যেতে পারেন বিরাট।

টেস্টে বিরাটের রান
ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯০টি টেস্ট খেলে ৭৪৯০ রান করেছেন বিরাট কোহলি। আহমেদাবাদ টেস্টে আর ২৫ রান করলেই কিংবদন্তি ক্লাইভ লয়েডকে টপকে যাবেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১০টি টেস্ট ম্যাচ খেলে ৭৫১৫ রান করেছেন দুই বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

বিরাটের সামনে আর কারা
টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বিরাটের সামনেই রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড। তারও আগে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর টেস্টে ৭৫২৫ রান করেছেন। টেস্টে ৭৫৩০ রান করেছেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৭৫৪০ রান করেছেন স্টিভ স্মিথ।

শেহওয়াগকে টপকে যেতে পারেন রুট
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ১০২টি টেস্ট খেলে ৮৫৮২ রান করেছেন। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পাঁচ রান করলেই ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগকে তিনি টপকে যাবেন। ভারতের হয়ে ১০৪টি টেস্ট খেলে ৮৫৮৬ রান করেছেন বীরু।

রুটের সামনে আর কারা
বীরেন্দ্র শেহওয়াগকে বাদ দিলে টেস্ট রানে জো রুটের সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। টেস্টে ৮৬২৫ রান রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের ঝুলিতে রয়েছে ৮৬৪৩ টেস্ট রান।












Click it and Unblock the Notifications