Virat Kohli: নিজেকে দলের সেরা বোলার মনে করেন কোহলি, সাজঘরের কথা ফাঁস করলেন ভুবনেশ্বর
ব্যাট হাতে তিনি রানের রাজা। টেস্ট হোক বা একদিনের ম্যাচ। বাইশ গজে ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়াটা অভ্যাসে পরিণত করেছেন কিং কোহলি। ব্যাট হাতে তিনিে যতটা সফল ততটাই ফ্লপ বলা যেতে পারে বল হাতে। খুব কমই বল করতে দেখা গিয়েছে বিরাটকে।
বোলিং করার অভিজ্ঞতা কম হতে পারে, উইকেটের সংখ্যাও খুবই কম। কিন্তু তিনি যে কিং কোহলি। তাই নিজেকে ভারতীয় দলের সেরা বোলার মনে করেন বিরাট। সম্প্রতি ভারতীয় দলের সাজঘরের অন্দরের খবর প্রকাশ্যে এনেছেন ভুবনেশ্বর কুমার। যা কিছুটা অবাক করার মতোই।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দলের পেসার ভুবনেশ্বর কুমার সাজঘরের কথা প্রকাশ্যে এনেছেন। ভুবি জানিয়েছেন, কোহলি নিজেকে দলের সেরা বোলার বলে মনে থাকেন তাঁর সতীর্থরা। কিন্তু কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন ভুবনেশ্বর কুমার।
চোট আঘাতের সমস্যায় বর্তমানে ভারতীয় দল থেকে অনেকটাই দূরে ভুবনেশ্বর। কিন্তু একটা সময় টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য ছিলেন ভুবি। তাই মেন ইন ব্লুর সাজঘরের অন্দরের খবর তাঁর ভালোই জানা। ভুবি বলেছেন 'বিরাট কোহলি মনে করে দলের সেরা বোলার ও নিজে। কোহলি যখনই বল করে তখনই আমরা ভয়ে থাকি যদি বল করতে গিয়ে চোট পেয়ে যায়।'
বিশ্বকাপের বছরে ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন কোহলি। বিরাট এই বছর ১৭টি ম্যাচে ৯৮৪ রান করেন। এই আট মাসেই চারটি শতরান করে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৬টি শতরান হয়ে গিয়েছে বিরাটের। আসন্ন বিশ্বকাপে বল হাতেও যে কোহলিকে দেখা যেতে পারে সেই আভাস দিয়েছেন অধিনায়ক রোহিত।

সোমবার এশিয়া কাপের দল নির্বাচনের পর রোহিত বলেছিলেন , বিরাটকে বিশ্বকাপে বল করতে দেখা যেতে পারে। এশিয়া কাপের যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে ডানহাতি স্পিনার নেই। সেই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেছিলেন, 'আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার করে হাত ঘোরাতে পারবে।'রোহিত একটা সময় প্রায় নিয়মিত অফ স্পিন করতেন। যদিও এখন তেমন বল করতে দেখা যায় না তাঁকে।

ব্যাট হাতে যতই রেকর্ড সৃষ্টিকারী হোন বল হাতে একেবারেই সাদামাটা বিরাটের পারফরম্যান্স। এখনও পর্যন্ত ওডিআই এবং টি২০ ফর্ম্যাটে চারটি করে উইকেট পেয়েছেন বিরাট। এবার বোলার বিরাটকেও দেখা যাবে নতুন ছন্দে?












Click it and Unblock the Notifications