IPL 2022: ‘অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে কোহলি’
‘অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে কোহলি’
সব ফরম্যাটের ক্রিকেট থেকে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি, এমনটাই মনে করেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কোহিলর এই সিদ্ধান্ত ব্যাটসম্যান বিরাটকে আরও বেশি সাফল্য পেতে সাহায্য করবে আসন্ন আইপিএল-এ জানিয়েছেন শাস্ত্রী।

বিরাট কোহলির অধিনায়কত্ব খুব কাছ থেকে দেখেছেন রবি। ভারতীয় দলে তাঁর প্রশিক্ষণেই অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন কোহলি। বিরাটের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে ছিল ভারত। আইসিসি'র টেস্ট ক্রমতালিকায় ভারতীয় দল শীর্ষ স্থান অর্জন করেছিল বিরাটের নেতৃত্বেই। প্রিয় ছাত্রের সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়াকে সমর্থন জানালেও, শাস্ত্রী মনে করেন আরও কিছু দিন টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দিতে পারতো বিরাট। তাঁর কথায়, "আমি মনে করি এটা বিরাটের জন্য আশীবার্দ হয়ে ধরা দেবে। অধিনায়কত্বের চাপ যখন ওর কাঁধে থাকবে না, অধিনায়ক হিসেবে প্রত্যাশার চাপও যখন ওকে নিতে হবে না তখন আরও খোলা মনে নিজেকে মেলে ধরতে পারবে বিরাট, নিশ্চিন্তে খেলতে পারবে। আমার মনে হয় ও এই একই কথাই ভেবেছে। আমি মনে করি স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে অধিনায়কত্ব ছেড়ে (বিরাট)। তবে আমার ভাল লাগত যদি ওকে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দেখতে পারতাম। যদিও পুরোটাই ওর সিদ্ধান্ত।"
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে ভারতীয় দলের পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট। টি-২০ বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। একদিনের দলের অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেয় বিসিসিআই।
শাস্ত্রীর কথায়, "আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের পারফরম্যান্স নিয়ে ওকে এখনই ভাবতে হবে না। ওর পারফরম্যান্স কী এমন কত বড় মাপের ক্রিকেটার তা বিশ্ব ক্রিকেটের সবাই জানে। আমি চাই ও খেলাটাকে উপভোগ করুক, এটা বেশি জরুরি। তিন ফরম্যাটের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়াটা সহজ কাজ নয়, বিশেষ করে ভারতের অধিনায়ক হিসেবে তো নয়ই। প্রচুর প্রত্যাশা থাকে একজন অধিনায়কের উপর। অধিনায়ক হিসেবে আপনি যদি বিরাট কোহলির মতো স্ট্যান্ডার্ট সেট করেন তা হলে মানুষ চাইবেই আপনি সব ম্যাচ জিতুন। কিন্তু এটা কখনওই সম্ভব নয়। সেরার সেরা দলেরও অফ সিশন যায়। একটা সময় থাকে যেখানে কোনও কিছুই কাজে আসে না এবং চাপ তৈরি হতে থাকে।"
আরসিবি'র ওপেনার হিসেবে বিরাটের খেলা উচিৎ কি না সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে শাস্ত্রী বলেন, "এটা দলের ভারসাম্যর উপর নির্ভর করে। আমি জানি না ওদের মিডল অর্ডারটা কেমন। যদি ওদের মিডল অর্ডার শক্তিশালী হয় তা হলে বিরাট ওপেন করতেই পারে, এতে কোনও ক্ষতি হবে না।"












Click it and Unblock the Notifications