বিরাট কোহলি সঙ্গীর অভাবে ঝুঁকি নিয়ে হাতছাড়া করলেন দ্বিশতরান, ভারতের লিড ৯১ রানের
বিরাট কোহলি আমেদাবাদ টেস্টে আউট হলেন ১৮৬ রানে। অস্ট্রেলিয়ার ৪৮০ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ ৫৭১ রানে।
আমেদাবাদ টেস্টে ব্যাট করতে পারলেন না শ্রেয়স আইয়ার। সে কারণে সঙ্গীর অভাবে ঝুঁকি নিতে গিয়ে ডাবল সেঞ্চুরির আগেই থামতে হলো বিরাট কোহলিকে। তবে আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট কেরিয়ারের সর্বাধিক রান পূর্ণ করলেন। ১৫টি চারের সাহায্যে করলেন ৩৬৪ বলে ১৮৬ রান। ভারত প্রথম ইনিংসে ৯১ রানের লিড আদায় করে নিয়েছে।

দ্বিশতরান হাতছাড়া
বিরাট কোহলির সামনে ২০১৯ সালের পর টেস্টে দ্বিশতরান করার হাতছানি ছিল। ৩৯৩ রানে পঞ্চম উইকেট পড়ার পর বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল দলের রান সাড়ে পাঁচশো পার করে দেন। দলের ৫৫৫ রানের মাথায় আউট হন অক্ষর প্যাটেল। পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি করেন ১১৩ বলে ৭৯। এরপর রবিচন্দ্রন অশ্বিন বড় শট খেলতে গিয়ে ১২ বলে ব্যক্তিগত ৭ রানে আউট হন। ৫৬৮ রানে সপ্তম উইকেট পড়ে। এরপর দুই রান নিতে গিয়ে রান আউট হন উমেশ যাদব। ভারতের অষ্টম উইকেট পড়ে ৫৬৯ রানে। মহম্মদ শামিকে নিয়ে শেষ চেষ্টা চালাতে থাকেন কিং কোহলি। কিন্তু বেশিরভাগ ফিল্ডারকে বাউন্ডারি লাইনে পাঠিয়ে দেওয়া হয়। বিরাট পাঁচটি করে বল খেলে মহম্মদ শামিকে খেলতে দিচ্ছিলেন। নাথান লিয়ঁর বলে বড় শট খেলতে গিয়ে একবার জীবন পান। পিটার হ্যান্ডসকম্ব ক্যাচ ধরতে না পারায়। তবে শেষ অবধি টড মার্ফির শিকার হন। ভারতের ইনিংস থামে ৫৭১ রানে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক স্কোর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এতদিন বিরাটের সর্বাধিক স্কোর ছিল ২৭২ বলে ১৬৯ রান। ২০১৪ সালের মেলবোর্ন টেস্টে। এদিন সেই স্কোর পেরিয়ে গেলেন কোহলি। টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর এটিই তাঁর প্রথম টেস্ট শতরান। ২০১২ সালে বিরাট অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ২১৩ বলে ১১৬। অজিদের বিরুদ্ধে সেটিই কোহলির প্রথম টেস্ট শতরান। ২০১৩ সালে চেন্নাই টেস্টে করেছিলেন ২০৬ বলে ১০৭। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই শতরান করেন। প্রথম ইনিংসে ১৮৪ বলে ১১৫ এবং দ্বিতীয় ইনিংসে ১৭৫ বলে ১৪১। ওই সিরিজেই মেলবোর্ন টেস্টে করেছিলেন ১৬৯ এবং ২০১৫ সালের জানুয়ারিতে সিডনিতে ২৩০ বলে ১৪৭ রান করেন। ২০১৮ সালে পারথ টেস্টে ২৫৭ বলে ১২৩ রানের ইনিংস খেলার পর এদিন আমেদাবাদে ফের শতরান হাঁকালেন অজিদের বিরুদ্ধে।

বিরাটের দ্বিশতরান রয়েছে সাতটি
বিরাট টেস্ট কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রান করেছিলেন ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ৩৩৬ বল খেলে অপরাজিত ছিলেন ২৫৪ রানে, ৩৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ২০১৬ সালে দুটি ও ২০১৭ সালে তিনটি দ্বিশতরান হাঁকান। ২০১৬ সালের জুলাইয়ে টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরানটি বিরাট পেয়েছিলেন নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২৪টি চারের সাহায্যে ২৮৩ বলে করেছিলেন ২০০। এরপর ওই বছরেরই ডিসেম্বরে তিনি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরান করেন। ২৫টি চার ও একটি ছয়ের সাহায্যে সাজানো ছিল ৩৪০ বলে ২৩৫ রানের সেই ইনিংস।

২০১৭ সালে তিনটি ডাবল সেঞ্চুরি
২০১৭ সালের ফেব্রুয়ারিতে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে কিং কোহলি করেন ২৪৬ বলে ২০৪। সেই ইনিংসে ছিল ২৪টি চার। ওই বছরের নভেম্বরে তিনি নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭টি বাউন্ডারি ও একটি বাউন্ডারির সাহায্যে ২৬৭ বলে ২১৩ রান করেন। ওই সিরিজেই ফের দ্বিশতরান হাঁকান দিল্লি টেস্টে। ২৮৭ বলে ২৪৩ রান করেছিলেন ২৫টি চারের সাহায্যে। তাঁর সব দ্বিশতরানগুলিই এসেছে চার নম্বরে ব্যাট করতে নেমে। এদিন আপ্রাণ চেষ্টা চালিয়ে শেষরক্ষা হয়নি।

১০ বছর পর দেশে অজিদের বিরুদ্ধে শতরান
১০ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান পেলেন বিরাট। ২৩টি টেস্টে বিরাটের ব্যাটে ছিল শতরানের খরা। টেস্টে সর্বাধিক ৫১টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। জাক কালিস ৪৫টি, রিকি পন্টিং ৪১টি, কুমার সঙ্গকারা ৩৮টি, রাহুল দ্রাবিড় ৩৬টি টেস্ট শতরান হাঁকিয়েছেন। ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা ও মাহেলা জয়বর্ধনের রয়েছে ৩৪টি করে টেস্ট শতরান। অ্যালাস্টেয়ার কুক ৩৩টি, স্টিভ ওয়া ৩২টি টেস্ট শতরানের মালিক। স্টিভ স্মিথ, ম্যাথু হেডেন ও শিবনারায়ণ চন্দ্রপলের ৩০টি করে টেস্ট শতরান রয়েছে।












Click it and Unblock the Notifications