আইসিসির বর্ষসেরা টি ২০ দলের অধিনায়ক বাটলার, ভারত থেকে রয়েছেন কোন তিন ক্রিকেটার?
আইসিসির বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো জস বাটলারকে। ভারত থেকে দলে রয়েছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়া।
আইসিসি আজ থেকে বিভিন্ন পুরস্কার ঘোষণার প্রক্রিয়া শুরু করল। আজ ঘোষণা করা হয়েছে পুরুষ ও মহিলাদের ক্রিকেটের বর্ষসেরা টি ২০ আন্তর্জাতিক দল। ২০২২ সালের পারফরম্যান্সের নিরিখে এই দলের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে টি ২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলারকে। ভারত থেকে সুযোগ পেয়েছেন তিনজন।

দলে বিরাট-সূর্য
এই দলে বিশ্বের ১ নম্বর টি ২০ আন্তর্জাতিক ব্যাটার সূর্যকুমার যাদবের সঙ্গে রয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে ৫ ম্যাচে ২৭৬ রান করে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শতরানও করেন। টি ২০ বিশ্বকাপে হায়েস্ট রান-গেটার হন তিনটি অর্ধশতরান-সহ ২৯৬ রান করে। পাকিস্তানের বিরুদ্ধে খেলেন অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস। গত বছর সূর্য টি ২০ আন্তর্জাতিকে ১১৬৪ রান করেন, দ্বিতীয় ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ক্যালেন্ডার ইয়ারে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন। টি ২০ বিশ্বকাপে ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে ২৩৯ রান করেন।

হার্দিক রয়েছেন
হার্দিক পাণ্ডিয়াও গত বছর দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়েছেন। ভারতকে নেতৃত্ব দিয়ে সাফল্যও এনে দিয়েছেন। গত বছর হার্দিক টি ২০ আন্তর্জাতিকে ৬০৭ রান করার পাশাপাশি ২০ উইকেট নেন। পাকিস্তান ম্যাচে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি ৩৩ বলে ৬৩ রান করেন। যদিও ভারত ফাইনালে উঠতে পারেনি।

কোন দেশ থেকে কতজন?
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রয়েছেন আইসিসির বর্ষসেরা টি ২০ দলে। বাটলারের সঙ্গে স্যাম কারান। নিউজিল্যান্ড থেকে রয়েছেন গ্লেন ফিলিপস। পাকিস্তান থেকে মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রউফ। জিম্বাবোয়ের সিকান্দর রাজা, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও আয়ারল্যান্ডের জস লিটলকে রাখা হয়েছে। গত বছর টি ২০ আন্তর্জাতিকে লিটল দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী, ৩৯টি উইকেটের মধ্যে এই বাঁহাতি পেসার টি ২০ বিশ্বকাপে নেন ১১টি উইকেট।

একনজরে দল
ওপেনিং স্লটে বাটলারের সঙ্গে রাখা হয়েছে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। তিনে বিরাট কোহলি, চারে সূর্যকুমার যাদব। পাঁচে গ্লেন ফিলিপস, ছয়ে সিকান্দর রাজা, সাতে হার্দিক পাণ্ডিয়া, আটে স্যাম কারানকে রাখা হয়েছে। স্পিনার হিসেবে রাখা হয়েছে ওয়ানিন্দু হাসারঙ্গাকে। দুই জোরে বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন হ্যারিস রউফ ও জশ লিটল।












Click it and Unblock the Notifications