Ishan Kishan: ত্রিশতরান হাঁকাতে না পারার আক্ষেপ ঈশানের, কোহলি দেন কোন বিরাট পরামর্শ?
একদিনের আন্তর্জাতিকে ঈশান কিষাণের প্রথম শতরানটিই হয়ে থাকল ম্যাচ জেতানো দ্বিশতরান। স্বাভাবিকভাবেই চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ম্যাচের সেরাও হলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা ঝাড়খণ্ডের এই উইকেটকিপার-ব্যাটার। তবে দ্বিশতরানের পরেও কিছুটা হলেও আক্ষেপ রয়েছে কিষাণের।

এলিট লিস্টে ঈশান
রোহিত শর্মার ওডিআইয়ে তিনটি দ্বিশতরান রয়েছে। মার্টিন গাপটিল, বীরেন্দ্র শেহওয়াগ, ক্রিস গেইল, ফখর জামান ও সচিন তেন্ডুলকরের পর ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরান পেলেন ঈশান। সর্বাধিক রানের তালিকায় তিনি রইলেন ছয়ে। পাকিস্তানের ফখর জামান ২১০ রানে অপরাজিত ছিলেন, ঈশান ২৪টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ২১০ রান করে আউট হন। তবে ওডিআইয়ে দ্রুততম দ্বিশতরানটি তিনি হাঁকালেন চট্টগ্রামে। ঈশানের কথায়, ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট ছিল। আমার এই ইনিংসের পর কিংবদন্তিদের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে দেখে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি আউট হওয়ার পর ১৫ ওভার বাকি ছিল। ফলে তিনশো করে ফেলতে পারতাম।

কোহলির পরামর্শ
ঈশান আরও বলেন, বিরাট ভাই (কোহলি)-এর সঙ্গে ব্যাট করছিলাম। কোন বোলারকে টার্গেট করতে হবে সে ব্যাপারে লাগাতার পরামর্শ দিচ্ছিলেন তিনি। আমি যখন ৯৫ রানে ব্যাট করছিলাম তখন বড় শট খেলার পরিকল্পনা করি। সেই সময় বিরাট ভাই এসে আমাকে মাথা ঠান্ডা রাখতে বলেন। তিনি এটাও মনে করিয়ে দেন, আমি কিন্তু প্রথম শতরান পেতে চলেছি। উল্লেখ্য, এদিন ঈশান ডাবল সেঞ্চুরি করার পর ভাইরাল হয়েছে বিরাট কোহলির ভাঙড়া নাচ। ওডিআইয়ে ২০০-র ক্লাবে আসায় ঈশানকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকরও।

ম্যাচের সেরা
ম্যাচের সেরার পুরস্কার নিয়ে ঈশান কিষাণ বলেন, সঠিকভাবে বলের দিকে নজর রেখে স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়াই আমার লক্ষ্য ছিল। এই পর্যায়ে যখনই সুযোগ আসবে সেটার পূর্ণ সদ্ব্যবহার করতে হয়। বোলার বেছে এবং কোন বলে কোন ধরনের শট খেলব সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা রেখেই খেলেছি, সব কিছু আমার পরিকল্পনামাফিকই হয়েছে। তাঁর এই সাফল্যের পিছনে ফিজিও ও ট্রেনারদের অবদানের কথাও উল্লেখ করেন ঈশান কিষাণ।

প্রশংসায় ভরালেন রাহুল-লিটন
ঈশান কিষাণের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন, বিরাট ও ঈশান যেভাবে ব্যাট করেছেন তা ব্রিলিয়ান্ট। প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন ঈশান। সুযোগ পেতেই তার দারুণভাবে সদ্ব্যবহার করেছেন। একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান সচরাচর আসে না। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, বিরাট ও ঈশান খুব ভালো ব্যাট করেছেন। ঈশানের জন্য হ্যাটস অফ! আমরা চেষ্টা করেছি, কিন্তু ম্যাচে ফেরার রাস্তা খুঁজে পাইনি। ৩৩০ থেকে ৩৪০ রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারলে খেলা অন্যরকম হতে পারতো। তবে ভারত ভালো দল, আমরাও প্রথম দুটি ম্যাচে ভালো খেলেছি।












Click it and Unblock the Notifications