Water Cricket Viral Video: জলের মধ্যেই ক্রিকেট, রয়েছে ডিআরএস! ভিডিও দেখলে হাসি চাপতে পারবেন না
Water Cricket Viral Video: আইপিএল মিটেছে মে মাসেই। চলতি মাসে হয়ে গিয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী মাসেই রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।
তবে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনায় কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জলের মধ্যে ক্রিকেট খেলার ভিডিও। যা দেখলে আপনার হাসি পাবেই।

সোশ্যাল মিডিয়ায় ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়েছে। আইপিএল-সহ ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে যেমন নানা অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি হয় এখানেও সেটাই হয়েছে। সবচেয়ে বড় কথা এখানে গোটা খেলাটাই হচ্ছে জলাশয়ে। একটি ব্রিজের নীচে।

গ্রাম-গঞ্জে যেমন কয়েকজন বন্ধু ক্রিকেট খেলেন, ঠিক তেমনভাবেই কারও জন্য কোনও বিশেষ রংয়ের পোশাক নির্দিষ্ট নয়। তবে খেলোয়াড়রা যে প্রিয় তারকাদের হাবভাব রপ্ত করেছেন সেটা স্পষ্ট হয়েছে। ব্যাট করতে যাঁকে দেখা গিয়েছে তাঁর পরনে বিরাট কোহলির ১৮ নম্বর লেখা ভারতীয় দলের জার্সি। আরেকজন ফিল্ডারের পরনে বিরাটের নাম লেখা আরসিবি জার্সি।

আম্পায়ারের পরনে সাদা পোশাক। বোলার কট বিহাইন্ডের আবেদন করছেন। আম্পায়ার সাড়া না দেওয়ায় ডিআরএস নেওয়া হচ্ছে। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আইপিএলের কমেন্ট্রি, আল্ট্রা এজ, সব কিছুই লেখা রয়েছে। এমনকী রিভিউ নেওয়ার পর সকলে যেমন জায়ান্ট স্ক্রিনের ডিসিশন পেন্ডিং লেখার দিকে তাকিয়ে থাকেন, এই ভিডিওতে সেটাও রয়েছে।

বর্ষাকালে মাঠে জল-কাদা থাকায় অনেকেই খেলতে না পেরে মনমরা হন। তবে তাই বলে এই ভিডিও দেখে জলে নেমে ক্রিকেট খেলার চেষ্টা করা ঠিক হবে না। কেন না, বোঝাই গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই এই বিশেষ ভিডিওটি বানানো হয়েছে। বন্ধুদের ক্রিকেট খেলার এই অভিনব ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
अब क्रिकेट में तकनीक के मामले में भी गांव के बच्चे आगे निकले 😍😂😁🔥#Ipl #Cricket pic.twitter.com/6PBXgngNYy
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) June 23, 2023
ছাপড়া জেলা নামক একটি টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এটি কোথাকার ভিডিও তা বোঝা যাচ্ছে না। তবে বিহারের ভিডিও হতে পারে বলে মনে করা হচ্ছে। যেটাই হোক, আইপিএলের প্রভাব যে নানা বয়সের ছেলেদের মধ্যে পড়েছে এই ভিডিও সেটাই প্রমাণ করে।
(ছবি- সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications