বাবরের সঙ্গে রেকর্ডের বিরাট লড়াই! নিউজিল্যান্ড ম্যাচে কীভাবে এগিয়ে যেতে পারেন কোহলি?
টি ২০ বিশ্বকাপে প্রথম তিনটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। সুপার টুয়েলভে গ্রুপ ২-এ কাল দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ড ম্যাচকে অনেকেই বলছেন কোয়ার্টার ফাইনাল। অবশ্যই আফগানিস্তান অনেক হিসেব ওলট-পালট করে দিতেই পারে। এরই মধ্যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ডের লড়াইও জমজমাট হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ক্রিকেট মহল মনে করছে, বিরাটের অনেক রেকর্ড বাবর ভেঙে দেবেন। টি ২০ বিশ্বকাপেও গতকাল বাবর বিরাটের একটি রেকর্ড ভেঙেছেন।

গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে অনবদ্য অর্ধশতরান করেছেন পাক অধিনায়ক। চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করার ফাঁকে টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে দ্রুততম ১ হাজার রান করার রেকর্ডটি বিরাট কোহলির থেকে নিজের দখলে নিয়েছেন বাবর। টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে ১ হাজার রান করতে বিরাট কোহলির লেগেছিল ৩০টি ইনিংস, বাবরের লেগেছে ২৬টি ইনিংস। ২৬তম ইনিংসে টি ২০ আন্তর্জাতিকে অধিনায়ক বাবরের অর্ধশতরানের সংখ্যা হয়েছে ১৩। এই ক্ষেত্রেও বিরাটকে স্পর্শ করেছেন পাক অধিনায়ক। ৪৪টি ইনিংসে অধিনায়ক বিরাটের টি ২০ আন্তর্জাতিকে ১৩টি অর্ধশতরান রয়েছে।

পাকিস্তান ম্যাচের পর কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করলে ফের বাবরকে পিছনে ফেলতে পারবেন বিরাট। অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৫১টি ইনিংসে ১১টি হাফ সেঞ্চুরি করেছেন, ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও, কেন ৫০টি ইনিংসে ১১টি অর্ধশতরান করেছেন। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ক্যাপ্টেন হিসেবে ৬০টি ইনিংসের মধ্যে ৯টিতে হাফ সেঞ্চুরি করেছেন।

টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলি চার মেরেছেন ২৯০টি। আয়ারল্যান্ডের পল স্টার্লিং টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ২৯৫টি চার মেরেছেন। ছন্দে থাকলে কাল সেই রেকর্ড ভেঙে দিতেই পারেন বিরাট। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির ছক্কার সংখ্যা এখন দাঁড়িয়ে ৯১-এ। চলতি বিশ্বকাপে টি ২০ আন্তর্জাতিকে শততম ছক্কাটিও আসতে পারে বিরাটের ব্যাট থেকে। টি ২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির রান সবচেয়ে বেশি (৩২১৬)। বিরাটের পর আর দুজন ব্যাটসম্যান টি ২০ আন্তর্জাতিকে তিন হাজার রানের কাছাকাছি। ১০৩টি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের রান ২৯৫৬, কাল ৪৪ রান করলে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে তিন হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারবেন তিনি। ১১২টি ম্যাচে রোহিত শর্মার রান ২৮৬৪।












Click it and Unblock the Notifications