Champions Trophy: বিরাট রেকর্ডের হাতছানি, ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষে যাওয়ার সুযোগ কোহলির সামনে
বিরাট কোহলি মানেই রানের রাজা। ব্যাট হাতে নামলেই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করেন। তবে বিগত কয়েক বছরে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে কোহলির ব্যাট থেকে ৫২ রান এলেও তা একেবারেই তাঁর নামের সঙ্গে যায় না। এই পরিস্থিতিতে বিরাট প্রত্যাশাকে সঙ্গী করেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেন কোহলি।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাট কথা বলেছে। এবারও কোহলির জন্য অপেক্ষা করছে রেকর্ড। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই একটি রেকর্ড সৃষ্টি করবেন কোহলি।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭৩ রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন। কোহলি বর্তমানে ৫২৯ রান করে এই টুর্নামেন্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে চার নম্বরে আছেন। ১ নম্বর স্থান আছেন শিখর ধাওয়ান। তিনি ৭০১ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর রান ৬৬৫। ৬২৭ রান করে রাহুল দ্রাবিড় আছেন তৃতীয় স্থানে। কোহলির সামনে সুযোগ রয়েছে তিন জনকে টপকে ১ নম্বরে যাওয়ার।
তবে কোহলি খুব একটা ভালো ছন্দে নেই । শ্রীলঙ্কা এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেস্পিনের বিরুদ্ধে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিলেন বিরাট কোহলিও। এমনকি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও বার বার স্পিনারদের বলে আউট হয়েছিলেন।
আশঙ্কার রয়েছে অন্য একটি জায়গাতেও, দুবাইয়ের পিচ পরিস্থিতি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একেবারে ফ্রেশ পিচ থাকছে কি না। এর আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ার ফলে মনে করা হচ্ছে, ব্যবহৃত পিচও থাকতে পারে। আর সেখানে স্পিনাররা একটু হলেও সুবিধা পাবেন। ফলে কোহলির জন্য তা সমস্যার হতে পারে। তবে সাদা বলে কোহলির ছন্দে ফেরার অপেক্ষায় ভক্তরা।












Click it and Unblock the Notifications