বিরাট দিল্লিতে ভাঙলেন শেহওয়াগের রেকর্ড, কোন জয়ধ্বনি বদলাতে বিশেষ বার্তা কোহলির?
বিরাট কোহলি বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার নয়ে উঠে এসেছেন। ফিল্ডিং করার সময় গ্যালারির দিকে ইশারা করে কীভাবে মন জিতে নিলেন সমর্থকদের?
বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান পূর্ণ করেছেন দিল্লি টেস্টে। যেখানে কেরিয়ার শুরু, সেখানেই এই বিরাট মাইলস্টোন পেরিয়ে গিয়েছেন কিং কোহলি। তারই মধ্যে ভেঙে দিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগের রেকর্ড। ফিল্ডিং করার সময় সমর্থকদের বিশেষ বার্তা দিয়ে প্রশংসাও আদায় করে নিলেন।

বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট এখন রয়েছেন নবম স্থানে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে বিরাট প্রথম ইনিংসে করেছিলেন ৮৪ বলে ৪৪ রান। দ্বিতীয় ইনিংসে তিনি ৩১ বলে ২০ রান করে স্টাম্প আউট হন। দুই ইনিংস মিলিয়ে ৬৪ রান করার ফলে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তিনি ২২টি টেস্ট খেলে ৩৯টি ইনিংসে ১৭৫৮ রান করলেন। ব্যাটিং গড় ৪৬.২৬, সাতটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে।
দিল্লি টেস্টে বীরেন্দ্র শেহওয়াগকে পিছনে ফেলে দিলেন কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২২টি টেস্টে ৪৩টি ইনিংসে বীরুর রয়েছে ১৭৩৮ রান। সেই রান টপকে এখন স্টিভ স্মিথের পরের জায়গাটি দখল করেছেন কোহলি। শেহওয়াগ নেমে গেলেন সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দশম স্থানে। স্টিভ স্মিথের রয়েছে ১৮১৩ রান। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর (৩২৬২ রান)। এরপর যথাক্রমে রিকি পন্টিং (২৫৫৫), ভিভিএস লক্ষ্মণ (২৪৩৪), রাহুল দ্রাবিড় (২১৪৩), মাইকেল ক্লার্ক (২০৪৯), চেতেশ্বর পূজারা (১৯৩১), ম্যাথু হেডেন (১৮৮৮), স্টিভ স্মিথ (১৮১৩)।
Crowd was chanting 'RCB, RCB' - Virat Kohli told to stop it and chant 'India, India'. pic.twitter.com/kMd53wbYRU
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 20, 2023
এরই মধ্যে বিরাট কোহলি প্রশংসা আদায় করে নিয়েছেন একটি ভিডিও ভাইরাল হতেই। যাতে দেখা গিয়েছে, বিরাট স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছেন। তখন গ্যালারিতে আরসিবি, আরসিবি ধ্বনি ওঠে। বিরাট ইশারা করে সেই জয়ধ্বনি বদলাতে বলেন। দর্শকদের দেখান নিজের জার্সি। অর্থাৎ ভারতের নামে জয়ধ্বনি দিতে বলেন। সমর্থকরা বিরাটের ইশারা বুঝে নিয়ে ভারতের নামে জয়ধ্বনি শুরু করলে সাধুবাদ জানান কিং কোহলি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নাগপুরে বিরাটকে দেখে সমর্থকরা আরসিবি-র নামে জয়ধ্বনি দিতে থাকলে বিরাট ভারতীয় দলের লোগো দেখিয়ে তাঁদের আরসিবি, আরসিবি ধ্বনি থামাতে বলেছিলেন।












Click it and Unblock the Notifications