দ্রাবিড়ের পর কোহলি! আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির আমেদাবাদে স্পর্শ করলেন বিরাট
আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ক্যাচটি ধরলেন বিরাট কোহলি। রাহুল দ্রাবিড় ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই নজির নেই।
আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলস্টোন স্পর্শ করে ফেললেন বিরাট কোহলি। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে। আজ আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের বলে নাথান লিয়ঁর ক্যাচ তালুবন্দি করেন বিরাট। এটি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৩০০তম ক্যাচ। এই নজির এর আগে স্পর্শ করেছেন একমাত্র রাহুল দ্রাবিড়।

৩৪ বছরের বিরাট ১০৯তম টেস্ট খেলছেন, তিনি এদিন ধরলেন ১০৯তম ক্যাচ। ২০০টি টেস্ট খেলা সচিন তেন্ডুলকর ১১৫টি ক্যাচ ধরেছেন। সেই রেকর্ডটি অদূর ভবিষ্যতেই ভেঙে দিতে পারবেন বিরাট। বর্তমানে খেলছেন এমন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলিই টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন। অজিঙ্ক রাহানের ৮২টি টেস্টে ৯৯টি ক্যাচ রয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে ৬৫২টি ম্যাচে সর্বাধিক ৪৪০টি ক্যাচ ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে রিকি পন্টিং ৩৬৪টি, রস টেলর ৩৫১টি, জাক কালিস ৩৩৮টি, রাহুল দ্রাবিড় ৩৩৪টি এবং স্টিফেন ফ্লেমিং ৩০৬টি ক্যাচ নিয়েছেন। ৪৯৪তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে বিরাট এবার তিনশো ক্যাচের ক্লাবে নাম লিখিয়ে ফেললেন। রাহুল দ্রাবিড় ছাড়া এই ক্লাবে আর কোনও ভারতীয় নেই।
বিরাট কোহলি ১০৯তম ক্যাচ ধরে টেস্টে সুনীল গাভাসকরের ১০৮টি ক্যাচ ধরার নজির টপকে গেলেন। টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় ১৬৪টি ম্যাচ খেলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২১০টি ক্যাচ ধরেছেন। ভিভিএস লক্ষ্মণ ১৩৪টি টেস্টে ১৩৫টি ক্যাচ তালুবন্দি করেছেন। বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে ১৪১টি ও টি ২০ আন্তর্জাতিকে ৫০টি ক্যাচ ধরেছেন। একদিনের আন্তর্জাতিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি ৩৩৪টি ম্যাচে ধরেছেন ১৫৬টি ক্যাচ। তাঁর পরেই রয়েছেন বিরাট। টি ২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৫৮টি ক্যাচ ধরেছেন রোহিত শর্মা। আমেদাবাদে দেশের মাটিতে ৫০তম টেস্টটি খেলছেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications