খারাপ ফিল্ডিং, শোচনীয় বোলিং, নিজের দলের জেতার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিরাট
ধৈর্যের বাঁধ ভাঙল বিরাট কোহলির। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন।
ধৈর্যের বাঁধ ভাঙল বিরাট কোহলির। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন দল আজ যে জায়গায় দাঁড়িয়ে তাতে একেবারেই অবাক নন তিনি। তিনি বলেন, 'আমি পরাজিত দলের অধিনায়ক হিসেবে একদমই অবাক নই। যে ভাবে গোটা দল ফিল্ডিং এবং বোলিং করছে তাতে এই ফলই প্রত্যাশিত। যদি আমরা পিছনের দিকে ফিরে দেখি তা হলে বুঝতে পারব আমরা জেতার যোগ্য ছিলাম না।'

তাঁর আরও সংযোজন, 'আমার মনে হয় না আমরা সঠিক ভাবে চেষ্টা করছি। আমাদের নিজেদের আরও পরিশ্রম করা প্রয়োজন। এই স্তরের ফিল্ডিং কোনও ভাবেই আমাদের পক্ষে লাগাতার করা সম্ভব নয়। যে খানে এক রানটা চার রান হয়ে যায়। আজকে আমরা একদমই ভাল খেলতে পারিনি।'
এ দিন ঘরের মাঠে কলকাতার বিরুদ্ধে হারের ফলে চলতি আইপিএলে পাঁচ নম্বর ম্যাচটি হারতে হল বিরাট কোহলির দলকে। এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে তার মধ্যে পাঁচটিতেই হার, জয় মাত্র দু'টি। আর এই পরিসংখ্যানই আগামী দিনে রাস্তাটা আরও কঠিন করে দিচ্ছে আরসিবির জন্য। এই পরিস্থিতিতে আর একটি ম্যাচ হারলেই আইপিএলে প্লে অফে খেলার রাস্তা প্রায় বন্ধ হয়ে যাবে বিরাটের দলের জন্য।
রবিবার ক্রিস লিনের চওড়া ব্যাটের কাছে হার মানতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। ৫২ বলে ৬২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। কিন্তু লিন কেকেআরকে ম্য়াচ জেতানোর সুযোগই পেতেন না যদি চতুর্থ ওভারেই লিনের ক্যাচ ঠিক মতো ধরতে পারতেন চলতি আইপিএলে প্রথম আরসিবির জার্সিতে মাঠে নামা মুরুগান অশ্বিন। তখন মাত্র ৭ রানে ব্যাট করছিলেন লিন।
বিরাট বলেন, 'এখনও কোনও কিছু উল্লেখ করে বলা সম্ভব নয়। তবে, আইপিএলে টিকে থাকতে হলে পরবর্তী সাতটা ম্যাচের মধ্যে ছয়টাই জিততে হবে আমাদের। এবং প্রতিটা ম্যাচকেই ভার্চুয়াল সেমিফাইনাল হিসেবে দেখতে হবে। আমি আশা করি দলের সদস্য়রা ভালভাবে ঘুরে দাঁড়াবে।'












Click it and Unblock the Notifications