বিরাট ও রোহিত উচ্ছ্বসিত প্রশংসা করলেন সিরাজের, ম্যাচ ও সিরিজ সেরা হয়ে কোহলির কী প্রতিক্রিয়া?
হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ভারত ২০২৩ সালের শুরুটা করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-১ ব্যবধানে টি ২০ সিরিজ জিতে। একদিনের আন্তর্জাতিক সিরিজটি রোহিত শর্মার ভারত জিতল ৩-০ ব্যবধানে। ম্যাচের সেরা ও সিরিজের সেরার পুরস্কার দুটি পেয়েছেন বিরাট কোহলি। বিরাট ও রোহিত সিরিজের শেষে মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ।

বিরাট নিজের খেলায় খুশি
বিরাট কোহলি তিরুবনন্তপুরমে ১১০ বলে ১৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। বিরাটের এই বিধ্বংসী ইনিংস দেখে ইনস্টাগ্রাম স্টোরিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরাট-ঘরণী অনুষ্কা শর্মা। তিন ম্যাচের সিরিজে দুটি শতরানের সুবাদে ২৮৩ রান করে সিরিজ সেরা কিং কোহলি। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, যে ইচ্ছাশক্তি নিয়ে নেমেছিলাম এটা তারই ফসল। দলকে সাহায্য করার জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত করি এবং ঠিকই করেছিলাম দলকে শক্তিশালী করতে সবরকম চেষ্টা চালাব। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম তা পূরণ হয়েছে। বিরতি নিয়ে ফিরে আসার পর থেকেই ভালো জায়গায় রয়েছি। কোনও মাইলস্টোন ছোঁয়ার লক্ষ্য নিয়ে নামি না, সেই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে। আজ যেভাবে ব্যাট করেছি তাতে খুশি, সবচেয়ে বড় কথা ভালো ক্রিকেট খেলছি। বর্তমানে খুব ভালো পরিস্থিতিতে রয়েছি, এটা নির্দ্বিধায় বলতে পারি।

সিরাজের প্রশংসা
বিরাট বিশেষভাবে প্রশংসা করেছেন মহম্মদ সিরাজের। সিরাজ এদিন ৪ উইকেট পেয়েছেন। বিরাটের কথায়, নতুন বলে মহম্মদ শামি তো রয়েছেনই। কিন্তু সিরাজ দলে এসে নতুন বলে যেভাবে বোলিং করছেন তা অসাধারণ। পাওয়ারপ্লেতে উইকেট তোলার বিষয়ে আগে আমাদের কিছুটা সমস্যা ছিল। কিন্তু সিরাজ যেভাবে পাওয়ারপ্লেতেই বেশি উইকেট পাচ্ছেন তা বিশ্বকাপের আগে খুবই ভালো লক্ষণ। রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল শেষ কবে তিনি ওডিআইয়ে চার স্লিপ ও একটি গালি রেখে দেশের মাটিতে কোনও ফাস্ট বোলারের জন্য ফিল্ডিং সাজিয়েছিলেন? রোহিত বলেন, মনে করতে পারছি না। তবে সিরাজ যেভাবে বোলিং করছিলেন তাতে চারটি স্লিপ রাখাই উচিত ছিল। যেভাবে স্যুইং করাচ্ছিলেন তাতে তিনি সত্যিই বিরল প্রতিভা। কয়েক বছর ধরে তিনি ক্রমাগত উন্নতি করেছেন। সিরাজ যাতে পাঁচ উইকেট পান তার জন্য সব কিছুই করেছি। সেটা হয়নি। সিরাজ যেভাবে দৌড়ে আসছেন তাতে দেখা যাচ্ছে তিনি কতটা আত্মবিশ্বাসী। বোলিংয়েও বেশ কিছু নতুন কৌশল প্রয়োগ করছেন।
|
রোহিতের নজর নিউজিল্যান্ড সিরিজে
রোহিত বলেন, এই সিরিজ জয় আমাদের কাছে দারুণ একটা বিষয়। আমরা ভালো বল করেছি, উইকেট পেয়েছি। যখনই ব্রেক থ্রু দরকার, তখন উইকেট তুলতে পেরেছি। ব্যাটাররাও যেভাবে প্রচুর রান করেছেন তা দেখে সত্যিই ভালো লাগছে। সামনেই নিউজিল্যান্ড সিরিজ। কিউয়িরা পাকিস্তান থেকে সিরিজ জিতে আসছে। ফলে সিরিজ সহজ হবে না। হায়দরাবাদে গিয়ে দেখব কেমন পিচ রয়েছে। প্রথম একাদশেও পরিবর্তন আসবে। তবে যেভাবে এই সিরিজটা খেললাম সেই ধারা বজায় রেখে প্রত্যাশিত ফলাফল নিশ্চিত করতে চাইছি। উল্লেখ্য, বুধবার থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু।
|
সিরাজ আত্মবিশ্বাসী
মহম্মদ সিরাজ নিজের বোলিংয়ে খুশি। চলতি সিরিজে তিনি ৬২ রান খরচ করে ৯ উইকেট পেয়েছেন। সিরাজ বলেন, পাঁচ উইকেট পেতে সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। কিন্তু কপালে যা থাকবে সেটাই হবে। সে যতই পরিশ্রম করা হোক না কেন। দীর্ঘ সময় ধরে ছন্দ ভালোই রয়েছে। আউটস্যুইঙ্গার কাজে দিচ্ছে। অধিনায়কও চেষ্টা করেছিলেন যাতে আমি পাঁচ উইকেট পাই।

কোহলিকে দেখে শিখছেন গিল
দেশের মাটিতে প্রথম তথা ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরানটি হাঁকালেন শুভমান গিল। তিনি বলেন, ভালো শুরুর পর তা শতরানে নিয়ে যেতে পারলে ভালোই লাগে। কোনও টার্গেটের কথা মাথায় ছিল না। পিচের পরিস্থিতি অনুযায়ী খেলাই লক্ষ্য ছিল। পুরানো বল নীচু হয়ে আসছিল, বল বিশেষ ঘুরছিল না। প্রথম তিন ওভারের পরই ঠিক করি বোলারদের টার্গেট করে দ্রুতগতিতে রান তুলব। বিরাট কোহলির শতরান নিয়ে গিল বলেন, বিরাট যা করে চলেছেন তা অসাধারণ ও অবিশ্বাস্য। তাঁর খেলা দেখে বড় হয়েছি। কীভাবে শতরানে পৌঁছনো যায়, সেটিকে কীবাবে দেড়শো বা ১৬০ রানে নিয়ে যেতে হয় তা তাঁর ব্যাটিং দেখে শেখার বিষয়।












Click it and Unblock the Notifications